জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, তাঁর রাজনৈতিক অভিজ্ঞতা অনুযায়ী আগামী ১০ বছরেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোলা সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্পিকার বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে এমন একটি রাজনৈতিক পরিবেশ তৈরি হয়েছিল, যেখানে যোগ্য ও দক্ষ ব্যক্তিরাও নির্বাচনে অংশ নেওয়ার সাহস পেতেন না। অর্থ, বিত্ত-বৈভব ও জনপ্রিয়তা থাকা সত্ত্বেও অযোগ্য ও অসৎ ব্যক্তিদের দাপটে ভালো মানুষেরা নির্বাচনে আসতে পারেননি।
আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া অত্যন্ত জরুরি উল্লেখ করে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, গত ১৭ বছরে মানুষ কোনো সুষ্ঠু নির্বাচন দেখেনি। তাই নির্বাচন কমিশনকে এমন একটি পদ্ধতি গ্রহণ করতে হবে, যাতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন ছাড়া অন্য কোনো বিকল্প চিন্তা করার সুযোগ না থাকে।
ভোলার গ্যাস প্রসঙ্গে তিনি বলেন, ভোলায় পর্যাপ্ত প্রাকৃতিক গ্যাসের মজুত রয়েছে। বর্তমানে দেশজুড়ে জ্বালানি সংকট দেখা দিয়েছে। জ্বালানির অভাবে মানুষ কাজ করতে পারছে না। ভোলার গ্যাস ভোলার মানুষের কাজে লাগানো তাদের ন্যায্য অধিকার।
তিনি আরও বলেন, এ বিষয়ে জ্বালানি মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে ভোলার গ্যাস স্থানীয় উন্নয়নে ব্যবহারের সুযোগ দেওয়া উচিত।
এ সময় ভোলার জেলা প্রশাসক ড. শামীম রহমান, পুলিশ সুপার শহীদুল্লাহ কাওসারসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রথম দর্পণ,ডেস্ক