শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে, কমেছে ডিমের দাম

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৪ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ দুপুর
  • ৬৩৩৫ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
রাজধানীর বাজারে আসতে শুরু করেছে শীতকালীন সবজি। সরবরাহ বাড়ায় কিছু সবজির দামে স্বস্তি ফিরেছে। পাশাপাশি গত সপ্তাহের তুলনায় ডজনপ্রতি ডিমের দাম কমেছে সর্বোচ্চ ১০ টাকা। তবে টমেটো, শিম ও কয়েক ধরনের মাছের দাম এখনো চড়া। মুরগি ও গরুর মাংসের দামেও উল্লেখযোগ্য পরিবর্তন নেই।

শুক্রবার (২৩ অক্টোবর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

কিছু সবজিতে স্বস্তি, চড়া টমেটো-শিম

বাজারে ফুলকপি, ঝিঙা, লাউ, কচুমুখি, পটোল, বেগুন ও কাঁকরোল প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে। আগাম মুলা ও ঢ্যাঁড়সের কেজি ৭০ টাকা। আগাম শিম বিক্রি হচ্ছে ১২০ টাকা এবং টমেটো ১৪০ টাকা কেজি দরে।

এ ছাড়া পেঁপে প্রতি কেজি ৩০ টাকা ও মিষ্টিকুমড়া ৫০ টাকায় বিক্রি হচ্ছে। ফুলকপি ও বাঁধাকপি প্রতি পিস ৭০ টাকা। কাঁচা মরিচের দাম মানভেদে কেজিপ্রতি ১২০ থেকে ১৪০ টাকা। আকারভেদে লাউয়ের দাম প্রতি পিস ৩০ থেকে ৪০ টাকা।

বাজারে সবজি কিনতে আসা আহমেদ শরিফ বলেন, লাউ ও পেঁপের দাম তুলনামূলক কম। তবে টমেটো ও শিমের দাম বেশি। শীতকালীন সবজি আসতে শুরু করায় কিছু পণ্যের দাম কমেছে।

ডজনপ্রতি ডিমে স্বস্তি

ডিমের বাজারেও কিছুটা স্বস্তি ফিরেছে। বর্তমানে প্রতি ডজন বাদামি ডিম ১৪০ টাকা এবং সাদা ডিম ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। চারটি ডিমের দাম ৪৬ টাকা।

মোহাম্মদপুর টাউন হলের হেলাল ট্রেডার্সের মালিক আবু হেলাল জানান, ডিমের দাম প্রতিদিন ওঠানামা করে। গত সপ্তাহে তিনি বাদামি ডিমের ডজন ১৫০ টাকায়ও বিক্রি করেছেন।

মুরগি ও গরুর মাংসের দামে পরিবর্তন নেই

বাজারে ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৮৫ টাকা এবং সোনালি মুরগি ৩১০ টাকায় বিক্রি হচ্ছে। গরুর মাংসের দাম আগের মতোই, প্রতি কেজি ৮০০ টাকা।

মাছের বাজারে দামের ভিন্নতা

মাছের বাজারে উল্লেখযোগ্য পরিবর্তন নেই। তেলাপিয়া প্রতি কেজি ২৫০ থেকে ২৬০ টাকা, পাঙাশ ২০০ থেকে ২২০ টাকা, কাতল ৩৫০ থেকে ৮০০ টাকা, চিংড়ি ৮০০ থেকে ১ হাজার ১০০ টাকা, পাবদা ৩৫০ থেকে ৪০০ টাকা এবং রুই ৪৫০ থেকে ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।

এ ছাড়া ট্যাংরা প্রতি কেজি ৭০০ টাকা, ভেটকি ৪০০ থেকে ৫৫০ টাকা, মৃগেল ২৫০ থেকে ৩০০ টাকা, বাইম ৬০০ থেকে ৮০০ টাকা, দেশি কই ৭০০ থেকে ৮০০ টাকা এবং চাষের কই ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পোয়া মাছের কেজি ২৬০ টাকা, শোল ৭০০ টাকা এবং চাষের শিং মাছ ৩০০ থেকে ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে।

রূপচাঁদা, শোল ও নদীর বেলে মাছের দাম কেজিপ্রতি ১ হাজার টাকার বেশি হতে পারে। মাছের আকার, জীবিত না মৃত অবস্থা এবং চাহিদা-সরবরাহের ওপর দাম নির্ভর করছে। বাজারভেদে কেজিতে ১০ থেকে ২০ টাকা পার্থক্যও দেখা যাচ্ছে।

মাছ বিক্রেতা রহমান বলেন, সকালে মাছের দাম কিছুটা বেশি থাকলেও বিকেলে কমতে পারে। চাহিদা ও সরবরাহের ওপরই মূলত মাছের দাম নির্ভর করে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad