ঈদযাত্রা ও পশুর হাটে নিরাপত্তা জোরদার, আরিচা-পাটুরিয়ায় র‌্যাবের বিশেষ টহল

  • প্রথম দর্পণ,স্পোর্টস ডেক্স
  • আপলোড সময় : ২৩ মে ২০২৬, ১১:১৯ দুপুর
  • ১৮৭০৫ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

ঈদযাত্রা ও পশুর হাটে নিরাপত্তা জোরদার, আরিচা-পাটুরিয়ায় র‌্যাবের বিশেষ টহল


পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মানিকগঞ্জের আরিচাসহ জেলার বিভিন্ন পশুর হাট এবং আরিচা-পাটুরিয়া নৌপথে ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‌্যাব-৪। ঢাকা-আরিচা মহাসড়ক, ফেরিঘাট, লঞ্চঘাট ও পশুর হাট এলাকায় পোশাকধারী ও সাদাপোশাকে র‌্যাব সদস্যদের টহল বাড়ানো হয়েছে।

শুক্রবার বিকেলে আরিচা পশুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান র‌্যাব-৪-এর মানিকগঞ্জ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার মেজর সাদমান হোসেন।

তিনি জানান, আগামী ২৮ মে অনুষ্ঠিতব্য পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দায়িত্বপূর্ণ এলাকায় সর্বোচ্চ সতর্কতা গ্রহণ করা হয়েছে। আরিচা পশুর হাটে জাল টাকা শনাক্তকরণে অত্যাধুনিক মেশিন স্থাপনসহ সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় কঠোর নজরদারি চালানো হচ্ছে।

তিনি আরও বলেন, ঢাকা-আরিচা মহাসড়ক, আরিচা-পাটুরিয়া ফেরিঘাট এবং বিভিন্ন পশুর হাটে সার্বক্ষণিক টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি আভিযানিক দল মোতায়েন ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে, যাতে ক্রেতা-বিক্রেতারা নির্বিঘ্নে কোরবানির পশু কেনাবেচা করতে পারেন।

গরু পরিবহনে চাঁদাবাজি রোধে র‌্যাব সক্রিয় রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এক হাটের পশু জোরপূর্বক অন্য হাটে নেওয়ার অপচেষ্টা ঠেকাতেও বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে।

ঈদযাত্রায় ঘরমুখো মানুষ যাতে ছিনতাইকারী, অজ্ঞান পার্টি ও মলম পার্টির খপ্পরে না পড়ে, সে জন্য ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপনের কাজ শুরু হয়েছে বলেও জানান তিনি। এছাড়া আরিচা ও পাটুরিয়া ঘাটসহ গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল অব্যাহত রয়েছে।

র‌্যাবের এই কর্মকর্তা বলেন, জেলার বিভিন্ন মার্কেট ও বিপণিবিতানেও সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছে। পশুর হাটে জাল টাকার লেনদেন প্রতিরোধে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।

তিনি বলেন, ঈদের জামাতকে কেন্দ্র করে কেউ যেন উসকানি বা সাম্প্রদায়িক বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়েও আইনশৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে। কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের চেষ্টা করা হলে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ঈদকে কেন্দ্র করে চুরি, ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে র‌্যাবের বিশেষ স্ট্রাইকিং ফোর্স মাঠে সক্রিয় থাকবে বলেও জানান তিনি। সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে ঈদের আনন্দ উপভোগ করতে পারেন, সে লক্ষ্যে র‌্যাব সার্বক্ষণিক কাজ করছে বলে উল্লেখ করেন মেজর সাদমান হোসেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad