ফাইনালের ভেন্যু ঘিরে বিতর্ক: মাঠের মান নিয়ে ব্রাজিল-ফ্রান্সের প্রশ্ন, ফিফার পাল্টা আশ্বাস

  • প্রথম দর্পণ,স্পোর্টস ডেক্স
  • আপলোড সময় : ২৩ জুন ২০২৬, ১১:৩২ রাত
  • ২২২৮৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা যুক্তরাষ্ট্রের নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে অবস্থিত মেটলাইফ স্টেডিয়ামে। তবে টুর্নামেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ভেন্যুর মাঠের মান নিয়ে ইতোমধ্যে বিতর্ক শুরু হয়েছে। ব্রাজিল ও ফ্রান্স দলের খেলোয়াড় ও কোচরা মাঠের অবস্থা নিয়ে প্রকাশ্যে অসন্তোষ জানালেও আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা দাবি করেছে, মাঠ পুরোপুরি আন্তর্জাতিক মান বজায় রেখেই প্রস্তুত করা হয়েছে।

বিশ্বকাপের আনুষ্ঠানিক নাম অনুযায়ী ‘নিউ ইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়াম’ হিসেবে পরিচিত এই ভেন্যুতে ইতোমধ্যে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ১৩ জুন ব্রাজিল ও মরক্কোর মধ্যকার ম্যাচ এবং ১৬ জুন ফ্রান্স ও সেনেগালের ম্যাচের পর মাঠের অবস্থা নিয়ে সমালোচনার ঝড় ওঠে।

ব্রাজিলের তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র বলেন, অতিরিক্ত গরম ও আবহাওয়ার প্রভাবে ঘাস দ্রুত শুকিয়ে যাওয়ায় খেলার স্বাভাবিক গতি ব্যাহত হয়েছে। তার মতে, এমন পরিস্থিতিতে খেলোয়াড়দের নিজেদের ছন্দ খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে।

ফ্রান্সের প্রধান কোচ দিদিয়ের দেশমও মাঠের বৈশিষ্ট্য নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, ঘাসের নিচের স্তর ও ঘাসের দৈর্ঘ্য মাঠটিকে অন্য অনেক ভেন্যুর তুলনায় ভিন্ন করে তুলেছে। তবে সবচেয়ে কঠোর সমালোচনা করেন ফরাসি মিডফিল্ডার আদ্রিয়াঁ রাবিও। তার অভিযোগ, মাঠটি অত্যন্ত শক্ত ও অনমনীয় ছিল, যা অনেকটা কৃত্রিম টার্ফে খেলার অভিজ্ঞতার মতো। আন্তর্জাতিক মানের টুর্নামেন্টের জন্য এমন মাঠ কতটা উপযুক্ত, তা নিয়েও তিনি সংশয় প্রকাশ করেন।

তবে খেলোয়াড়দের এসব অভিযোগ আমলে নেওয়ার প্রয়োজন নেই বলে জানিয়েছে ফিফা। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, খেলোয়াড়দের জন্য নিরাপদ ও সর্বোচ্চ মানের খেলার পরিবেশ নিশ্চিত করতে তারা দীর্ঘ পাঁচ বছরেরও বেশি সময় ধরে ঘাস বিশেষজ্ঞ, মাঠ ব্যবস্থাপক ও স্টেডিয়াম কর্তৃপক্ষের সঙ্গে কাজ করেছে।

ফিফার দাবি, মাঠের কিছু অংশের দৃশ্যমান অবস্থা নিয়ে আলোচনা থাকলেও তাদের বিশেষজ্ঞ দল নিয়মিত পর্যবেক্ষণে কোনো সমস্যা খুঁজে পায়নি। সংস্থার মতে, টুর্নামেন্টের চাহিদা পূরণে মাঠটি সম্পূর্ণ সক্ষম এবং নির্ধারিত মানদণ্ড অনুসারেই কার্যকর রয়েছে।

আগামী ১৯ জুলাই এই স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে ২০২৬ বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ফাইনাল। এর আগে গ্রুপ পর্বের আরও কয়েকটি ম্যাচের পাশাপাশি নকআউট পর্বের গুরুত্বপূর্ণ কয়েকটি ম্যাচও এখানে আয়োজনের সূচি রয়েছে। ফলে আসন্ন ম্যাচগুলোতে মাঠের পারফরম্যান্স কেমন থাকে এবং খেলোয়াড়দের অভিযোগ কতটা প্রশমিত হয়, সেদিকেই এখন নজর ফুটবল বিশ্বের।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad