ফুটবল বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশ অংশ না নিলেও গ্যালারির উচ্ছ্বাস, সামাজিক যোগাযোগমাধ্যমের সরব উপস্থিতি এবং ব্রাজিল-আর্জেন্টিনাকে ঘিরে সমর্থকদের আবেগ আবারও বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে ব্রাজিলের প্রতিটি জয় উদ্যাপনে বাংলাদেশি সমর্থকদের উচ্ছ্বাস আন্তর্জাতিক অঙ্গনেও দৃষ্টি কাড়ছে।
এই ভালোবাসার প্রতিদান দিতে এগিয়ে এসেছেন ব্রাজিল জাতীয় দলের দুই অভিজ্ঞ তারকা—গোলরক্ষক অ্যালিসন বেকার এবং মিডফিল্ডার ক্যাসেমিরো। বাংলাদেশের ফুটবলপ্রেমীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তারা জানিয়েছেন আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসার বার্তা।
সোমবার রাতে বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে জাপানের বিপক্ষে দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখেছে ব্রাজিল। ১-০ গোলে পিছিয়ে পড়েও ক্যাসেমিরোর সমতাসূচক গোল এবং শেষ মুহূর্তের নাটকীয় গোলে ২-১ ব্যবধানে জয় তুলে নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচ শেষে বাংলাদেশের ব্রাজিল সমর্থকদের আনন্দ-উল্লাস সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
ম্যাচ-পরবর্তী সময়ে সম্প্রচারকারী প্রতিষ্ঠান টি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে অ্যালিসন বেকার বলেন, “বাংলাদেশ, আমাদের সমর্থন করার জন্য ধন্যবাদ। আমি বাংলাদেশের সমর্থকদের অনেক ভিডিও দেখেছি। আপনাদের এই ভালোবাসার জন্য আন্তরিক কৃতজ্ঞতা। ব্রাজিলিয়ানরাও বাংলাদেশকে ভালোবাসে। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন।”
শুধু অ্যালিসনই নন, মিক্সড জোনে কথা বলতে গিয়ে বাংলাদেশের সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ক্যাসেমিরোও। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পাওয়া সমর্থন দলের খেলোয়াড়দের অনুপ্রাণিত করে এবং বাংলাদেশের ফুটবলপ্রেমীদের আবেগ তাদের কাছে বিশেষভাবে পৌঁছেছে।
এর আগে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজও বাংলাদেশের সমর্থকদের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন। এবার ব্রাজিলের দুই তারকার একই ধরনের বার্তা বাংলাদেশের ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন করে উচ্ছ্বাস সৃষ্টি করেছে।
বিশ্বকাপে বাংলাদেশের কোনো প্রতিনিধিত্ব না থাকলেও ব্রাজিল ও আর্জেন্টিনাকে ঘিরে দেশের কোটি কোটি সমর্থকের আবেগ যে বিশ্ব ফুটবলের অন্যতম আলোচিত অনুষঙ্গ হয়ে উঠেছে, ব্রাজিলের তারকাদের এই বার্তাই তার আরেকটি উজ্জ্বল প্রমাণ।

প্রথম দর্পণ,ডেস্ক