বালোগুন বিতর্কের পর বেলজিয়ামের দাপুটে জয়, রাসকিনের খোঁচা—‘শেষ পর্যন্ত ন্যায়বিচারই জিতেছে’

  • প্রথম দর্পণ অনলাইন,ডেক্স
  • আপলোড সময় : ০৭ জুলাই ২০২৬, ০২:১১ দুপুর
  • ১৭৪৭৮ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

বিশ্বকাপের শেষ ষোলোতে যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে বেলজিয়াম। তবে ম্যাচ শেষে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল শুধু বেলজিয়ামের দুর্দান্ত জয় নয়, বরং যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগুনকে ঘিরে তৈরি হওয়া বিতর্কও। ম্যাচ শেষে বেলজিয়ামের মিডফিল্ডার নিকোলাস রাসকিন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে বলেন, ‘শেষ পর্যন্ত ন্যায়বিচারই জয়ী হয়েছে।’

বিতর্কের সূত্রপাত বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে বালোগুনের লাল কার্ডকে কেন্দ্র করে। প্রচলিত নিয়ম অনুযায়ী পরবর্তী ম্যাচে নিষিদ্ধ থাকার কথা থাকলেও ফিফার ডিসিপ্লিনারি কমিটি তার নিষেধাজ্ঞা স্থগিত করায় বেলজিয়ামের বিপক্ষে মাঠে নামার সুযোগ পান এই মার্কিন ফরোয়ার্ড। সিদ্ধান্তটি প্রকাশের পর থেকেই ফুটবল অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।

বেলজিয়াম ফুটবল ফেডারেশন ম্যাচের আগে এ বিষয়ে আনুষ্ঠানিক আপত্তি জানালেও তা খারিজ করে দেয় ফিফা। পরে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানান, ডিসিপ্লিনারি কমিটি সম্পূর্ণ স্বাধীনভাবে সিদ্ধান্ত নিয়েছে। তবে এ সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার ফোনালাপের খবর প্রকাশ্যে আসায় বিতর্ক আরও তীব্র হয়।

সব বিতর্কের জবাব মাঠেই দিয়েছে বেলজিয়াম। চার্লস ডি কেটেলারের জোড়া গোলের সঙ্গে হ্যান্স ভানাকেন ও রোমেলু লুকাকুর একটি করে গোলে যুক্তরাষ্ট্রকে বড় ব্যবধানে হারিয়ে শেষ আটের টিকিট নিশ্চিত করে ইউরোপের দলটি।

ম্যাচ শেষে রাসকিন বলেন, “আমি বিশ্বাস করি, জীবনে একসময় না একসময় ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়। বালোগুনের বিষয়টি আমাদের কাছে কখনোই ন্যায্য মনে হয়নি। আজকের ফলাফল আমাদের জন্য বিশেষ এবং আমরা মাঠের পারফরম্যান্স দিয়েই তার জবাব দিয়েছি।”

তিনি আরও বলেন, “আমরা জানতাম এই ম্যাচটি আমাদের জিততেই হবে। সেই লক্ষ্য নিয়েই খেলেছি এবং দল হিসেবে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছি।”

এই জয়ের ফলে কোয়ার্টার ফাইনালে শক্তিশালী স্পেনের মুখোমুখি হবে বেলজিয়াম। শেষ ষোলোতে পর্তুগালকে হারিয়ে স্পেনও শেষ আটে জায়গা নিশ্চিত করেছে। ফলে স্পেন-বেলজিয়ামের লড়াই বিশ্বকাপের সবচেয়ে আকর্ষণীয় কোয়ার্টার ফাইনালগুলোর একটি হতে যাচ্ছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad