অভিনেতা ইরফান সাজ্জাদের অসৌজন্যমূলক ও অপেশাদার আচরণের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)। শনিবার এক বিবৃতিতে সংগঠনটি জানায়—গত ৪ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজের শুটিং স্পটে সময় টেলিভিশনের সাংবাদিক ও বাচসাসের কার্যনির্বাহী পরিষদের সদস্য মহিব আল হাসানের সঙ্গে ইরফান সাজ্জাদ অপ্রত্যাশিতভাবে দুর্ব্যবহার করেন, যা উপস্থিত সাংবাদিকদের হতবাক করে।
বাচসাস সভাপতি কামরুল হাসান দর্পণ ও সাধারণ সম্পাদক রাহাত সাইফুল বলেন, একজন অভিনয়শিল্পীর কাছ থেকে এ ধরনের ঔদ্ধত্যপূর্ণ, হুমকিমূলক ও অরুচিকর মন্তব্য কোনোভাবেই প্রত্যাশিত নয়। তাদের ভাষ্য—এ আচরণ শুধু অপেশাদারই নয়, বরং স্বাধীন সাংবাদিকতায় হস্তক্ষেপের সামিল।
বিবৃতিতে আরও বলা হয়, কোনো প্রতিবেদনে অসন্তুষ্ট হলে গণমাধ্যমের নীতিমালা অনুযায়ী যথাযথ প্রক্রিয়ায় প্রতিবাদ বা ব্যাখ্যা দেওয়া উচিত ছিল। কিন্তু তা না করে সরাসরি একজন সাংবাদিকের ওপর আক্রমণাত্মক আচরণ কোনোমতেই গ্রহণযোগ্য নয়।
এ ঘটনায় বাচসাস তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

প্রথম দর্পণ,ডেস্ক