শনিবার দুপুরে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় ১১ দলীয় ঐক্যজোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের অংশ হিসেবে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, দেশের মানুষ ২৪ ঘণ্টা বিদ্যুৎ, গ্যাস ও পানি পাচ্ছে কি না, কৃষকেরা সময়মতো সার পাচ্ছেন কি না এবং ব্যবসায়ীরা চাঁদাবাজিমুক্ত পরিবেশে ব্যবসা করতে পারছেন কি না—এসব প্রশ্নের সমাধান প্রয়োজন। কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে দুর্নীতির অভিযোগ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এসব সমস্যার সমাধানের দাবিতেই তাঁরা রাস্তায় নেমেছেন।
তিনি বলেন, ছয় দফা দাবি আদায়ে আন্দোলন শুরু হয়েছে। লংমার্চ দেশের সব বিভাগীয় শহরে যাবে। সরকার দাবি মেনে না নিলে ডিসেম্বরের মধ্যে সরকার পতনের আন্দোলন সফল করেই তাঁরা ঘরে ফিরবেন।
ছয় দফা দাবির মধ্যে রয়েছে—গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-গ্যাস ও সারসংকট নিরসন, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দলীয়করণ বন্ধ করা।
কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবিপথসভায় কুমিল্লাকে বিভাগ করার দাবিও তুলে ধরেন জামায়াতের আমির। তিনি বলেন, ১৯৯৪ সালে সিলেট বিভাগ করা হলেও একই সময়ে কুমিল্লাকে বিভাগ করার দাবিও উঠেছিল। দীর্ঘদিন ধরে কুমিল্লাবাসী বিভাগ দাবি করে আসছেন। তাই কুমিল্লা বিভাগ দ্রুত বাস্তবায়ন করা উচিত।
নোয়াখালীর মানুষও বিভাগ দাবি করছেন উল্লেখ করে তিনি বলেন, তাদের দাবিও বিবেচনা করা যেতে পারে। তবে কুমিল্লা ১৯৯৪ সাল থেকেই বিভাগ দাবি করে আসায় এটি আগে বাস্তবায়নের দাবি জানান তিনি।
কুমিল্লা বিভাগ নিয়ে আর টালবাহানা না করার আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, কোনো জেলার নামকে কেন্দ্র করে বাড়াবাড়ি করা হলে তা ওই জেলার মানুষের জন্য অপমানজনক। বর্তমান সরকার বিভাগ দেওয়ার কথা বলেছে—তাহলে কুমিল্লাকে বিভাগ করা হচ্ছে না কেন, সে প্রশ্নও তোলেন তিনি।
বিমানবন্দর চালুর উদ্যোগের আহ্বানকুমিল্লায় বিমানবন্দর চালুর বিষয়টি যাচাই-বাছাই করে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। তাঁর মতে, কুমিল্লায় ইপিজেড রয়েছে এবং বিমানবন্দর চালু হলে এ অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড আরও সুবিধা পেতে পারে। তবে এর আগে কুমিল্লা বিভাগ বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন তিনি।
ডা. শফিকুর রহমান আরও বলেন, প্রশাসনিক সেবা নিতে কুমিল্লার মানুষকে চট্টগ্রামে যেতে হয়। কুমিল্লা বিভাগ হলে স্থানীয় বাসিন্দারা নিজ এলাকাতেই প্রয়োজনীয় প্রশাসনিক সেবা পাওয়ার সুযোগ পাবেন।
আইনশৃঙ্খলা নিয়ে সরকারের সমালোচনাসরকার নির্বাচনের আগে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করছে কি না—এমন প্রশ্ন তুলে সরকারের সমালোচনা করেন জামায়াতের আমির। তিনি অভিযোগ করেন, স্বরাষ্ট্রমন্ত্রী নিজের মন্ত্রণালয়ের দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে আছেন।
স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, অন্য দায়িত্ব ছেড়ে আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিস্থিতি ঠিক করতে হবে। যুবসমাজকে রক্ষা এবং দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীনের সভাপতিত্বে পথসভায় আরও বক্তব্য দেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির ড. আব্দুল্লাহ মুহাম্মদ তাহের এমপি, জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারীসহ জোটের অন্যান্য নেতারা।

প্রথম দর্পণ,ডেস্ক