ঢাকা কাস্টমস হাউসের বিজ্ঞপ্তি অনুযায়ী, জব্দ করা স্বর্ণের মোট ওজন ১৩ দশমিক ৯২ কেজি। এর আনুমানিক বাজারমূল্য ২৫ কোটি টাকা।
কাস্টমস কর্তৃপক্ষ জানায়, শাহজালালে আসা একটি ফ্লাইটে স্বর্ণ চোরাচালানের তথ্য পেয়ে কাস্টমস হাউসের কর্মকর্তা ও প্রিভেন্টিভ টিম বিমানের ভেতরে তল্লাশি চালায়। এ সময় বাংলাদেশ বিমানের অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল হেলপার মো. সোয়েব গাজীর প্যান্টের বেল্টের ভেতর কালো স্কচটেপে মোড়ানো কিছু বস্তু পাওয়া যায়।
পরে তল্লাশি করে সেখান থেকে ১২০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। কাস্টমস হাউস, ঢাকা এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার যৌথ অভিযানে এসব স্বর্ণ জব্দ করা হয়।
এর দুই দিন আগে বুধবার রাতে শাহজালাল বিমানবন্দর থেকে মালিকানাবিহীন অবস্থায় আরও ৮০টি স্বর্ণের বার জব্দ করা হয়েছিল। প্রতিটি বারের ওজন ১১৬ দশমিক ৬৪ গ্রাম। সব মিলিয়ে ওই চালানের ওজন ছিল ৯ হাজার ৩৩১ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ কোটি টাকা।
অল্প সময়ের ব্যবধানে বিমানবন্দরে বিপুল পরিমাণ স্বর্ণ জব্দের ঘটনায় চোরাচালান ঠেকাতে বিমানবন্দরে নজরদারি ও তল্লাশি কার্যক্রম জোরদারের বিষয়টি আবারও সামনে এসেছে।

প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক