প্রায় দুই যুগ আগে উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে বড়বগী ইউনিয়নের তালুকদার পাড়া ও নিশানবাড়িয়া ইউনিয়নের বড়ইতলী এলাকার মধ্যে যোগাযোগ স্থাপনের জন্য বগীরদোনা খালের ওপর লোহার সেতুটি নির্মাণ করা হয়। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সেতুটি জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল। সম্প্রতি সেটি পুরোপুরি ভেঙে পড়ে।
সেতু ভেঙে যাওয়ায় মৌরভী, পাওয়া পাড়া, তালুকদার পাড়া, বড়ইতলীসহ আশপাশের এলাকার হাজারো মানুষের স্বাভাবিক চলাচল বন্ধ হয়ে গেছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন তালুকদার পাড়া মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী। বিকল্প সড়ক না থাকায় বাধ্য হয়ে তাদের ডিঙি নৌকায় খাল পার হতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দা আবু সালেহ, জাকির হোসেন এবং শিক্ষার্থী রাকিবুল ইসলাম ও আমেনা আক্তার বলেন, দীর্ঘদিন ধরেই সেতুটি ঝুঁকিপূর্ণ ছিল। একাধিকবার সংস্কারের কথা জানানো হলেও ব্যবস্থা নেওয়া হয়নি। এখন সেতু ভেঙে যাওয়ায় চলাচল বন্ধ হয়ে গেছে। শিশুদের একা স্কুলে পাঠাতেও ভয় হচ্ছে। যেকোনো সময় নৌকা ডুবে বড় দুর্ঘটনা ঘটতে পারে।
তালুকদার পাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু তাহের বলেন, সেতু ভেঙে যাওয়ায় শিক্ষার্থীরা সময়মতো বিদ্যালয়ে আসতে পারছে না। প্রতিদিন ঝুঁকি নিয়ে ডিঙি নৌকায় খাল পার হতে হচ্ছে। এতে শিক্ষার্থীদের উপস্থিতির হার কমার পাশাপাশি তাদের স্বাভাবিক পড়াশোনাও ব্যাহত হচ্ছে। দ্রুত এখানে একটি স্থায়ী সেতু নির্মাণ প্রয়োজন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীশ সরকার বলেন, ভেঙে যাওয়া সেতুটি অপসারণ এবং নতুন সেতু নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগকে বলা হয়েছে। শিক্ষার্থী ও সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে জরুরি ভিত্তিতে একটি অস্থায়ী কাঠের পুল নির্মাণের প্রাক্কলন তৈরির কাজ চলছে। দ্রুততম সময়ের মধ্যে বিকল্প পারাপারের ব্যবস্থা নিশ্চিত করতে কার্যক্রম শুরু হবে।

মোঃ রায়হান চৌধুরী,(নিজস্ব প্রতিবেদক)