শনিবার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ এবং রাজারবাগ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে ‘কমিউনিটি ব্যাংক ক্লিন ঢাকা প্রজেক্ট’-এর আওতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও কমিউনিটি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীসহ প্রায় ৫০০ জন অংশ নেন।
কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিষ্ঠান দুটির প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। পাশাপাশি ফলদ, বনজ, ঔষধি ও ফুলের গাছের চারা রোপণ করা হয়।
অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম, বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ও কমিউনিটি ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন ফকির, ঢাকা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিনসহ বাংলাদেশ পুলিশ, কমিউনিটি ব্যাংক ও শিক্ষাপ্রতিষ্ঠান দুটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মো. আলী হোসেন ফকির বলেন, পরিচ্ছন্নতা ও সবুজায়ন একটি সুন্দর ও বাসযোগ্য শহরের অন্যতম পূর্বশর্ত। শুধু পরিবেশ পরিষ্কার রাখলেই হবে না, বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি রোপণ করা গাছের পরিচর্যাও করতে হবে। তরুণ প্রজন্মকে পরিচ্ছন্নতা, মাদক প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় সক্রিয় ভূমিকা রাখতে হবে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম বলেন, প্রকৃতির ভারসাম্য নষ্ট হওয়ার কারণে প্রকৃতি বিরূপ আচরণ করছে। দেশ ও প্রকৃতি রক্ষায় গাছ লাগানোর কোনো বিকল্প নেই। তরুণদের মাদক থেকে দূরে রাখতে সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপরও গুরুত্ব দেন তিনি।
ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ বলেন, পরিচ্ছন্ন ঢাকা গড়তে সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এ ধরনের সামাজিক কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ত করা গুরুত্বপূর্ণ।
কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন বলেন, পরিবর্তনের সূচনা করতে হবে নিজেদের দিয়ে। ব্যক্তি পরিবর্তিত হলে পরিবার, পরিবার পরিবর্তিত হলে সমাজ এবং সম্মিলিতভাবে সবাই পরিবর্তিত হলে বাংলাদেশও পরিবর্তিত হবে।
পরিচ্ছন্নতা কার্যক্রমকে ধারাবাহিক রাখতে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ২০টি করে ডাস্টবিন, বেলচা ও ঝাড়ু দেওয়া হয়। পাশাপাশি প্রতিটি প্রতিষ্ঠানে বিভিন্ন প্রজাতির ১২টি করে গাছের চারা রোপণ করা হয়।
কমিউনিটি ব্যাংক জানিয়েছে, পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন ও মাদকবিরোধী সচেতনতা বাড়াতে তরুণদের সম্পৃক্ত করে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

প্রথম দর্পণ অনলাইন,ডেক্স