মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, শিক্ষা অফিসেও ৬ পদ শূন্য

  • প্রথম দর্পণ অনলাইন,ডেক্স
  • আপলোড সময় : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ রাত
  • ১৯৮৮ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে জনবল সংকট প্রকট আকার ধারণ করেছে। উপজেলার ২০১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১২৮টিতেই নেই স্থায়ী প্রধান শিক্ষক। এর মধ্যে ২৭টি বিদ্যালয় চলতি দায়িত্বে এবং ১০১টি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে পরিচালিত হচ্ছে। পাশাপাশি সহকারী শিক্ষকের ৭৫টি পদও শূন্য রয়েছে।

দীর্ঘদিনের শিক্ষক সংকটে বিদ্যালয়গুলোর প্রশাসনিক কার্যক্রমের পাশাপাশি নিয়মিত পাঠদানও ব্যাহত হচ্ছে। প্রধান শিক্ষকের অতিরিক্ত দায়িত্ব পালন করতে গিয়ে অনেক সহকারী শিক্ষককে পাঠদানের পাশাপাশি প্রশাসনিক কাজও সামলাতে হচ্ছে। এতে শিক্ষকদের ওপর বাড়তি চাপ পড়ার পাশাপাশি শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত পাঠদান থেকে বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ শিক্ষক ও অভিভাবকদের।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, মাদারগঞ্জের সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভায় ২০১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক্-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রায় সাড়ে ৬৪ হাজার শিক্ষার্থী পড়াশোনা করছে। এসব বিদ্যালয়ের মধ্যে কোয়ালিকান্দি, ঝাড়কাটা, চরনগর, পূর্ব চরপাকেরদহ, চাঁদপুর সন্ধ্যাজান, বালিজুড়ী আরএ, চর নাংলা, পশ্চিম জটিয়ারপাড়া, চরপাড়া ইসলামিয়া ও জোড়খালী সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ১২৮টি বিদ্যালয়ে স্থায়ী প্রধান শিক্ষক নেই।

প্রধান শিক্ষক না থাকায় জ্যেষ্ঠতার ভিত্তিতে সহকারী শিক্ষকদের কাউকে চলতি ও কাউকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে। ফলে তাঁদের নিয়মিত পাঠদানের পাশাপাশি বিদ্যালয়ের প্রশাসনিক দায়িত্বও পালন করতে হচ্ছে।

অন্যদিকে, ৭৫টি সহকারী শিক্ষকের পদ শূন্য থাকায় শিক্ষক-শিক্ষার্থী অনুপাতও ব্যাহত হচ্ছে। কোথাও কোথাও একাধিক শ্রেণির পাঠদান ও অতিরিক্ত দায়িত্ব সামলাতে গিয়ে শিক্ষকদের হিমশিম খেতে হচ্ছে।

শিক্ষা অফিসেও অর্ধেক পদ শূন্য

শুধু বিদ্যালয় নয়, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসেও রয়েছে জনবল সংকট। অনুমোদিত ১২টি পদের মধ্যে বর্তমানে ছয়জন কর্মরত আছেন। তাঁদের মধ্যে একজন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, তিনজন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, একজন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এবং একজন উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক রয়েছেন।

অন্যদিকে তিনজন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, একজন হিসাব সহকারী, একজন অফিস সহকারী ও একজন অফিস সহায়কের পদ শূন্য রয়েছে। ফলে সীমিত জনবল দিয়ে উপজেলার বিপুলসংখ্যক বিদ্যালয়ের প্রশাসনিক কাজ, পরিদর্শন ও শিক্ষা কার্যক্রম তদারকি করতে হচ্ছে কর্মকর্তাদের।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক বলেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে বিদ্যালয় পরিচালনার কারণে নেতৃত্ব ও প্রশাসনিক কার্যক্রমে নানা সমস্যা হচ্ছে। অনেক ক্ষেত্রে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে সহকর্মীরা যথাযথভাবে মানতে চান না। আবার দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরাও বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দ্বিধায় পড়েন। তাঁদের মতে, দ্রুত প্রধান শিক্ষক নিয়োগ ও পদোন্নতির মাধ্যমে এ সংকটের সমাধান করা প্রয়োজন।

অভিভাবক তোফায়েল আহম্মেদ, এনামুল হক ও নাজিরুল ইসলাম বলেন, অধিকাংশ বিদ্যালয়ে প্রধান শিক্ষক না থাকায় শিক্ষার্থীদের পড়াশোনায় নেতিবাচক প্রভাব পড়ছে। বিদ্যালয়ে শৃঙ্খলাও যথাযথভাবে বজায় থাকছে না। কোনো কোনো শিক্ষক সময়মতো বিদ্যালয়ে না আসায় শিক্ষার্থীদের আগ্রহ কমছে। এ কারণে অনেক অভিভাবক সন্তানদের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি করাচ্ছেন।

চরগুজামানিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (চলতি দায়িত্ব) মোহাম্মদ শওকত আলী বলেন, প্রধান শিক্ষক না থাকায় শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় নানা সমস্যার সৃষ্টি হচ্ছে। এর সঙ্গে সহকারী শিক্ষক সংকট থাকায় শিক্ষার্থীরাও প্রয়োজনীয় পাঠদান থেকে বঞ্চিত হচ্ছে। দ্রুত প্রধান শিক্ষক পদে পদোন্নতি এবং সহকারী শিক্ষক নিয়োগ ও পদায়ন করা প্রয়োজন।

মাদারগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. খলিলুর রহমান বলেন, তিনি প্রায় পাঁচ মাস আগে উপজেলায় যোগ দিয়েছেন। অবসর, বদলি, মৃত্যু ও মামলা-সংক্রান্ত জটিলতার কারণে প্রধান শিক্ষকের পদগুলো শূন্য হয়েছে। শূন্য পদের তালিকা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, শিক্ষা অফিসেও সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ ছয়টি পদ শূন্য রয়েছে। এতে দাপ্তরিক কাজ ও বিদ্যালয় পরিদর্শনে কিছুটা সমস্যা হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। জনবল সংকটের মধ্যেও শিক্ষার মান উন্নয়নে কাজ চলছে। দ্রুত শিক্ষা অফিসে জনবল এবং বিদ্যালয়গুলোতে প্রয়োজনীয় শিক্ষক দেওয়া হলে পরিস্থিতির উন্নতি হবে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad