শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সেনেরচর ইউনিয়নের চরধুপুরিয়া চরকান্দি এলাকায় ফারুক ছৈয়ালের বাড়িতে এ ঘটনা ঘটে। আহত রোকেয়া বেগম ওই বাড়ির মালিক ফারুক ছৈয়ালের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে রান্নার জন্য রান্নাঘরে প্রবেশ করেন রোকেয়া বেগম। এ সময় সেখানে মজুত করে রাখা বিপুল পরিমাণ ককটেল একসঙ্গে বিস্ফোরিত হয়। বিকট শব্দে আশপাশের এলাকা কেঁপে ওঠে। এতে রোকেয়া গুরুতর আহত হন। বিস্ফোরণে রান্নাঘরের টিনের চালা উড়ে গিয়ে বাঁশঝাড়ে পড়ে। একই সঙ্গে সামাদ ছৈয়াল ও হাকিম ছৈয়ালের দুটি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়।
পরে স্থানীয়রা আহত রোকেয়া বেগমকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তানভীর আহমেদ বলেন, দুপুরে রোকেয়া বেগমকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাঁর শরীরে বিস্ফোরণে সৃষ্ট আঘাতের চিহ্ন ছিল। অবস্থার অবনতি হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে।
আধিপত্য বিস্তার নিয়ে পুরোনো বিরোধস্থানীয় সূত্রের দাবি, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জাজিরার মুলনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল শিকদার ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য তমিজ খাঁর সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।
এরই ধারাবাহিকতায় গত ১০ আগস্ট সন্ধ্যায় একই এলাকায় দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। ওই সময় শতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন। আহতদের মধ্যে মান্নান সরদার (৭০) পরে মারা যান। এ ঘটনায় একটি মামলা চলমান রয়েছে।
স্থানীয়দের দাবি, শনিবার বিস্ফোরণের ঘটনাস্থল ফারুক ছৈয়ালের বাড়ি। তিনি রেজাউল শিকদারের সমর্থক হিসেবে এলাকায় পরিচিত।
তবে এ বিষয়ে রেজাউল শিকদার বলেন, ‘আমি রাজনীতি করি। হয়তো সে আমার মিছিল-মিটিংয়ে যেতে পারে। আবার সে অন্য ইউনিয়নের বাসিন্দা হওয়ায় সেখানকার বিএনপির মিছিল-মিটিংয়েও যেতে পারে। তবে সে যে সরাসরি আমার সমর্থক, এমনটা নয়।’
ঘটনার সময় তিনি ঢাকায় অবস্থান করছিলেন বলেও জানান রেজাউল শিকদার।
পুলিশের বক্তব্যজাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মেদ বলেন, রান্নাঘরে ককটেল বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে সেখানে বিপুল পরিমাণ ককটেল মজুত থাকার তথ্য পাওয়া গেছে। বিস্ফোরণে রান্নাঘরের চালা উড়ে গেছে এবং একজন আহত হয়েছেন।
তিনি বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রথম দর্পণ অনলাইন,ডেক্স