চাইনিজ ব্যবসায়ীর কোটি টাকা চুরি, ৪৮ ঘণ্টায় উদ্ধার

  • প্রথম দর্পণ অনলাইন,ডেক্স
  • আপলোড সময় : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ বিকাল
  • ২৬৬৬ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
গাজীপুরের রাজেন্দ্রপুরে একটি পোশাক কারখানার চীনা মালিকের ১ কোটি টাকা চুরির ঘটনায় প্রধান অভিযুক্ত গাড়িচালকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২। অভিযানে চুরি যাওয়া ৯৭ লাখ ৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া চোরাই টাকায় কেনা আসবাবপত্র ও একটি নতুন স্মার্টফোন জব্দ করা হয়েছে।

শনিবার দুপুরে গাজীপুরে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২-এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন।

পুলিশ জানায়, গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে রাজেন্দ্রপুরের পোশাক কারখানা ‘ল্যাভেন্ডার ফ্যাশন’-এর চেয়ারম্যান ও চীনা নাগরিক শ্রমিকদের বেতন ও কারখানার পরিচালন ব্যয়ের জন্য ১ কোটি টাকা নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হন। পথে নারায়ণগঞ্জের পূর্বাচল ক্যাডেট ক্লাবের সামনে গাড়ি থামালে সুযোগ নিয়ে চালক জাহিদ হাসান গাড়ি ও নগদ টাকা নিয়ে পালিয়ে যান। পরে তিনি মালিকের মোবাইলে অনুশোচনামূলক একটি এসএমএস পাঠিয়ে আত্মগোপনে চলে যান।

এ ঘটনায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় মামলা করা হয়। কারখানাটি গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশের আওতাধীন হওয়ায় ঘটনার পরপরই ছায়া তদন্ত শুরু করে পুলিশ।

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২-এর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ খলিলুর রহমান ও ঝিনাইদহ জেলা ডিবি পুলিশের যৌথ উদ্যোগে ঢাকা, গাজীপুর ও ঝিনাইদহে অভিযান চালানো হয়। একপর্যায়ে ঝিনাইদহ সদর এলাকা থেকে গাড়িচালক মো. জাহিদ হাসানকে (৩০) গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ঝিনাইদহের একটি বাসা থেকে ৮৬ লাখ টাকা উদ্ধার করা হয়।

পরে জাহিদের মামা মো. আক্তারুজ্জামানকে (৫১) ঝিনাইদহ থেকে ১ লাখ ৩ হাজার টাকা এবং তাঁর স্ত্রী মোছা. নাসিমা আক্তারকে (২৪) গাজীপুরের টঙ্গীর বাসা থেকে ১০ লাখ টাকাসহ গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশ জানায়, চুরি করা টাকা থেকে জাহিদ ১ লাখ ২০ হাজার টাকা খরচ করে নতুন বাসা ভাড়া ও গৃহস্থালি আসবাবপত্র কেনেন। আরও ৩৩ হাজার টাকা দিয়ে একটি নতুন স্মার্টফোন কেনেন তিনি। অভিযানে ওই মোবাইল ফোন ও আসবাবপত্রও জব্দ করা হয়েছে।

পুলিশের দাবি, মাত্র ৪৮ ঘণ্টার সাঁড়াশি অভিযানে চুরির ঘটনার মূল রহস্য উদ্‌ঘাটনের পাশাপাশি চুরি যাওয়া অর্থের প্রায় পুরোটা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার তিনজন ও উদ্ধার করা টাকা-মালামাল সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad