চীনের মকিতে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে বাংলাদেশ। প্রথম দুই কোয়ার্টারে পাকিস্তানের রক্ষণে একের পর এক আক্রমণ চালিয়ে দুটি গোল আদায় করে নেয় তারা। ফলে বিরতিতে ২-০ গোলে এগিয়ে থেকেই মাঠ ছাড়ে বাংলাদেশ।
বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে বাংলাদেশের মেয়েরা। তৃতীয় কোয়ার্টারে আরও দুই গোল করে ব্যবধান বাড়িয়ে নেয় তারা। পাকিস্তান এ সময় একটি গোল শোধ করলেও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখেছিল বাংলাদেশ।
শেষ কোয়ার্টারেও আক্রমণের ধার অব্যাহত থাকে। আরও একটি গোল করে শেষ পর্যন্ত ৫-১ ব্যবধানের বড় জয় নিশ্চিত করে বাংলাদেশ।
বাংলাদেশের হয়ে একটি করে গোল করেন লনিমা নুপুর, নাদিরা ইমা, সাকিরা রিমন, কনা আক্তার ও রিয়া আক্তার।
এর আগে টুর্নামেন্টের প্রথম ম্যাচে চাইনিজ তাইপেকে বড় ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। টানা দুই ম্যাচে দাপুটে জয় তুলে নিয়ে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে বাংলাদেশের নারী হকি দল।

প্রথম দর্পণ,স্পোর্টস ডেক্স