বর্তমানে বাংলাদেশ জাতীয় দলের স্পিন বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন মুশতাক। সম্প্রতি বিবিসির ‘স্টাম্পড’ পডকাস্টে পাকিস্তান দলের কোচ হওয়ার সম্ভাবনা নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, নিজের দেশের কোচ হতে তিনি অবশ্যই আগ্রহী। কিন্তু সেখানে কোচদের চাকরির নিরাপত্তা ও সম্মানের বিষয়টি নিয়ে তার উদ্বেগ রয়েছে।
মুশতাকের মতে, সফরের মাঝপথে কোচ বা কর্মকর্তাদের বরখাস্ত করার মতো সিদ্ধান্ত একজন কোচকে স্বাভাবিকভাবেই চাপে রাখে। তার আশঙ্কা, আবেগপ্রসূত কোনো সিদ্ধান্তে যেকোনো সময় চাকরি হারাতে পারেন একজন কোচ।
সম্প্রতি পাকিস্তান ক্রিকেটে এমন পরিস্থিতিই দেখা গেছে। ইংল্যান্ড সফরের মাঝপথে স্কোয়াড থেকে সাত ক্রিকেটারকে বাদ দেওয়ার পাশাপাশি প্রধান কোচ সরফরাজ আহমেদ ও সহকারী কোচ উমর গুলকে দায়িত্ব থেকে সরিয়ে দেয় পিসিবি।
এ ঘটনায় হতাশ মুশতাক। তার মতে, সফর চলাকালে একসঙ্গে এত পরিবর্তন করা সঠিক সিদ্ধান্ত নয়। সরফরাজ ও উমর গুল পাকিস্তান ক্রিকেটের অভিজ্ঞ ও গুরুত্বপূর্ণ দুই ব্যক্তি। তাদের দায়িত্ব থেকে সরানোর প্রয়োজন থাকলেও সফর শেষ হওয়ার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যেত বলে মনে করেন তিনি।
তবে পাকিস্তান ক্রিকেটে স্থিতিশীল পরিবেশ নিশ্চিত হলে জাতীয় দলের দায়িত্ব নিতে আগ্রহী মুশতাক। তার বিশ্বাস, সঠিক পরিবেশ ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা থাকলে আরও অনেক সাবেক পাকিস্তানি ক্রিকেটারও জাতীয় দলের কোচিংয়ে যুক্ত হতে আগ্রহী হবেন।
পাকিস্তান ক্রিকেটের চলমান সংকট মোকাবিলায় সাবেক ক্রিকেটারদের নিয়ে একটি পরামর্শক কমিটি গঠনেরও পরামর্শ দিয়েছেন ১৯৯২ বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার। তার মতে, ক্রিকেটের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে পেশাদার ও সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিদেরই দায়িত্ব দেওয়া উচিত।

প্রথম দর্পণ,স্পোর্টস ডেক্স