শরীয়তপুর পৌরসভার ধানুকা এলাকায় অবস্থিত কার্যালয়টিতে বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে শনিবার সন্ধ্যার মধ্যে যেকোনো সময় এ চুরির ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।
দুই দিন বন্ধ ছিল অফিসকার্যালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে দাপ্তরিক কাজ শেষে কর্মকর্তা-কর্মচারীরা অফিসের দরজায় তালা দিয়ে চলে যান। সাপ্তাহিক ছুটির পর শনিবার সন্ধ্যায় জরুরি কাজে অফিসে আসেন অফিস সহকারী বোরহান হাওলাদার। এ সময় তিনি প্রধান দরজার তালা ভাঙা অবস্থায় দেখতে পান।
বিষয়টি তিনি তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান। পরে সংশ্লিষ্ট কর্মকর্তারা কার্যালয়ে এসে বিভিন্ন কক্ষের ভেতরে মালামাল এলোমেলো অবস্থায় দেখতে পান। একপর্যায়ে কক্ষ ও মালামাল যাচাই করে পাঁচটি তালা ভাঙা এবং কয়েকটি ইলেকট্রনিক ডিভাইস চুরির বিষয়টি নিশ্চিত হন তারা।
কর্তৃপক্ষের ধারণা, দুই দিন অফিস বন্ধ থাকার সুযোগে চোরেরা কার্যালয়ে প্রবেশ করে। বৃহস্পতিবার বিকেল থেকে শনিবার সন্ধ্যার মধ্যে কোনো একসময় তারা চুরি করে পালিয়ে যায়।
চুরি হয়েছে ইলেকট্রনিক ডিভাইসজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক মাসুদ মামুন বলেন, শনিবার সন্ধ্যায় অফিস সহকারী বোরহান তাকে ফোন করে তালা ভাঙার বিষয়টি জানান। পরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, পাঁচটি তালা ভেঙে একটি ল্যাপটপ, তিনটি ট্যাব ও একটি মোবাইল ফোন নিয়ে গেছে দুর্বৃত্তরা।
তিনি বলেন, স্বস্তির বিষয় হলো কার্যালয়ের গুরুত্বপূর্ণ কোনো দাপ্তরিক নথিপত্র চুরি বা তছনছ করা হয়নি। ঘটনাটি থানায় জানানো হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, পরিবার পরিকল্পনা কার্যালয়ে চুরির বিষয়ে পুলিশ অবগত হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্তের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রথম দর্পণ,ডেস্ক