মেয়ের সন্ধানের বদলে মিলছে আসামিদের প্রাণনাশের হুমকি

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হওয়া দশম শ্রেণির ছাত্রী মাহিয়া আক্তার মিরাকে দ্রুত উদ্ধার এবং অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন এক ব্যাকুল পিতা।

মেয়েকে হারিয়ে দিশেহারা পুরো পরিবার যখন শোকে বিহ্বল, তখন উল্টো আসামিদের নানা হুমকি ও মিথ্যা মামলায় তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করা হয়েছে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সলঙ্গা থানা মোড়ের একটি কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মৌখিক বক্তব্যে ছাত্রীর বাবা মো. মোমিনুল ইসলাম জানান, তার মেয়ে মাহিয়া আক্তার মিরা উনুখাঁ পাগলাপীর উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির একজন নিয়মিত ছাত্রী। গত ২৩ আগস্ট ২০২৬ তারিখ সকাল আনুমানিক ৯টার দিকে সে প্রতিদিনের মতোই বাড়ি থেকে স্কুলের উদ্দেশ্যে বের হয়। পথিমধ্যে উনুখাঁ বাজারের পশ্চিম পাশে পৌঁছালে একটি হাইস গাড়িতে করে জাকারিয়াসহ অজ্ঞাত ১০ জন তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায় বলে তারা জানতে পারেন।

​ঘটনার পর থেকে পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও আজকের দিন পর্যন্ত অবুঝ মেয়েটির কোনো সন্ধান পাননি।

চোখের জল আর অনিশ্চয়তা নিয়ে দিন কাটাচ্ছেন মা-বাবা ও আত্মীয়স্বজন। একজন বাবার আকুতি—কোন অপরাধে তার নিষ্পাপ মেয়েকে এভাবে কেড়ে নেওয়া হলো? মেয়েটি বেঁচে আছে নাকি কোনো কষ্টে আছে, সেই চিন্তায় পুরো পরিবার আজ ব্যাকুল।

​ভুক্তভোগী বাবা গভীর ক্ষোভ ও কষ্ট প্রকাশ করে বলেন, একদিকে যখন একমাত্র সন্তানকে হারিয়ে পরিবারটি শোকের সাগরে ভাসছে, অন্যদিকে অপহরণকারীরা ঘটনা ভিন্ন খাতে নিতে এবং মামলা তুলে নিতে উল্টো ভুক্তভোগী পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। প্রতিনিয়ত দেওয়া হচ্ছে নানামুখী ভয়ভীতি ও হুমকি-ধামকি, যার ফলে এখন নিজের ঘরেও তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

​ন্যায়বিচারের আশায় অশ্রুসজল চোখে অসহায় বাবা বলেন, আমি আমার কলিজার টুকরা মেয়েকে জীবিত ও সুস্থ অবস্থায় ফিরে পেতে চাই। একজন বাবা হিসেবে প্রশাসন, পুলিশ বিভাগ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমার আকুল আবেদন—আপনারা দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে আমার মেয়েকে উদ্ধার করুন এবং জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। পাশাপাশি সত্য ও ন্যায়বিচারের পক্ষে দাঁড়াতে এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে দেশবাসী ও সাংবাদিক ভাইদের পাশে থাকার জোর অনুরোধ জানান তিনি।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad