নিহত আবদুল বারী (৪০) বাকির মোড় এলাকার বদরুল সরকারের ছেলে। ঘটনার পর রোববার দুপুর পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।
দোকানে আগুন, পরে হামলাস্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যার পর নগরীর চণ্ডীপুর এলাকার কয়েকজন যুবক বাকির মোড় এলাকায় আসে। অভিযোগ রয়েছে, তারা মাদক সেবনের পর টাকা ভাঙানোর জন্য আবদুল বারীর মুদি দোকানে যায়। বারী টাকা ভাঙিয়ে দিতে অপারগতা প্রকাশ করলে তাদের সঙ্গে তার বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে হাতাহাতিও হয়।
এর জের ধরে রাত পৌনে ২টার দিকে ৫০ থেকে ৫৫ জনের একটি সশস্ত্র দল দেশীয় অস্ত্র ও পেট্রল বোমা নিয়ে বারীর বাড়ির সামনে যায় বলে অভিযোগ করা হয়েছে।
হামলাকারীরা প্রথমে মুদি দোকানের শাটারের তালা ভেঙে ফেলে। এরপর দোকানে পেট্রল বোমা ছুড়ে আগুন ধরিয়ে দেয়।
দোকানে আগুন জ্বলতে দেখে আবদুল বারী ও তার পরিবারের সদস্যরা আতঙ্কে বাইরে বেরিয়ে আসেন। এ সময় ওত পেতে থাকা হামলাকারীরা বারীকে ধরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।
পরে স্বজনরা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মামলা প্রক্রিয়াধীনরাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে রোববার দুপুর পর্যন্ত ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
নিহতের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
ওসি জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এজাহার পাওয়ার পর আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হবে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

প্রথম দর্পণ,ডেস্ক