দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির জরুরি নির্দেশনা

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৩ অক্টোবর ২০২৬, ০৩:১২ দুপুর
  • ১৮৬২ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত
ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা, মশার প্রজননস্থল ধ্বংস ও সার্বিক শৃঙ্খলা নিশ্চিত করতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে জরুরি নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। শ্রেণিকক্ষ, অফিসকক্ষ, বারান্দা, ছাদ, শৌচাগার ও প্রতিষ্ঠানের আশপাশ নিয়মিত পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও পানি জমে থাকলে দ্রুত অপসারণ করতে বলা হয়েছে।

গত ১৮ অক্টোবর জারি করা নির্দেশনায় শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানদের এসব ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়। নির্দেশনায় বিষয়টিকে ‘অতীব জরুরি’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

জমে থাকা পানি অপসারণের নির্দেশ

নির্দেশনায় বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানের কোথাও পানি জমে আছে কি না, তা নিয়মিত পরীক্ষা করতে হবে। জমে থাকা পানি দ্রুত সরিয়ে মশার প্রজননস্থল ধ্বংস করতে হবে। ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের সম্পৃক্ত করে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করতে হবে।

এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখা, সার্বিক শৃঙ্খলা নিশ্চিত করা এবং প্রয়োজনীয় প্রশাসনিক প্রস্তুতি গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শনের পর নির্দেশনা

নির্দেশনায় উল্লেখ করা হয়, ঢাকা মহানগরীর বিভিন্ন হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক এলাকা পরিদর্শনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান সম্প্রতি রাজউক উত্তরা মডেল কলেজ, মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ও মিরপুর বাংলা কলেজসহ বিভিন্ন স্থাপনা আকস্মিকভাবে পরিদর্শন করেছেন।

এর পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরীসহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।

যাঁদের কাছে পাঠানো হয়েছে নির্দেশনা

মাউশির পরিচালক (কলেজ ও প্রশাসন) অধ্যাপক মো. নাজমুল হক স্বাক্ষরিত নির্দেশনাটি অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক, সরকারি ও বেসরকারি কলেজের অধ্যক্ষ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, জেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad