ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে কোনো ধরনের হস্তক্ষেপ বা দখলের চেষ্টা করা হলে সংশ্লিষ্টদের কঠোর পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগর উত্তর আমির ও ডিএনসিসি মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।
সোমবার (৮ জুন) সকালে রাজধানীর উত্তরার ফায়দাবাদ এলাকায় তৃতীয় ধাপে একটি ‘প্রাক হেলথ কেয়ার সেন্টার’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সেলিম উদ্দিন বলেন, ইসলামী ব্যাংক দেশের অন্যতম সফল আর্থিক প্রতিষ্ঠান। ব্যাংকটি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে এবং প্রবাসী আয় (রেমিট্যান্স) আহরণেও উল্লেখযোগ্য অবদান রাখছে। তিনি দাবি করেন, ইসলামী ব্যাংকের কার্যক্রম অনুসরণ করে সংকটে থাকা ও দুর্বল ব্যাংকগুলোকে পুনরুদ্ধারে সরকার কার্যকর উদ্যোগ নিতে পারে।
তিনি বলেন, “জামায়াতের সমালোচনা করা যেতে পারে, কিন্তু জামায়াতের মতো সেবামূলক প্রতিষ্ঠান গড়ে তোলা অনেকের পক্ষেই সম্ভব নয়।”
সরকারের প্রতি আহ্বান জানিয়ে জামায়াতের এই নেতা বলেন, দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ভুল বা বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। এমন কোনো পদক্ষেপ গ্রহণ করা যাবে না, যা দেশে অস্থিরতা সৃষ্টি করে।
রাজনৈতিক প্রসঙ্গ উল্লেখ করে তিনি বিএনপির প্রতি আহ্বান জানান, দলটি যেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শ ও দর্শন অনুসরণ করে পরিচালিত হয়।
স্বাস্থ্য খাত নিয়ে বক্তব্যে সেলিম উদ্দিন বলেন, দেশের চিকিৎসাসেবার মানোন্নয়নে জাতীয় বাজেটের অন্তত ৮ শতাংশ স্বাস্থ্য খাতে বরাদ্দ দেওয়া প্রয়োজন। পাশাপাশি তিনি দুর্নীতি ও জনগণের অর্থ আত্মসাতের বিরুদ্ধে সতর্কবার্তা দিয়ে বলেন, অতীতে যেমন জনগণ অন্যায়ের জবাব দিয়েছে, ভবিষ্যতেও তেমনি প্রতিক্রিয়া দেখাবে।
অনুষ্ঠানে চিকিৎসক, সমাজসেবক ও জামায়াতের ঢাকা মহানগর উত্তরের কর্মপরিষদ সদস্য জামাল উদ্দিন, ইসরাফিল হোসেনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মোঃ জাকির হোসাইন,সম্পাদক