মৃত্যুর দেড় বছর পরও আমন্ত্রণপত্র! প্রয়াত নোমানের নামে মন্ত্রণালয়ের চিঠি ঘিরে আলোচনা

  • মো. জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার
  • আপলোড সময় : ১৮ জুন ২০২৬, ১২:৩৫ দুপুর
  • ১৮০৭৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

প্রয়াত বিএনপি নেতা, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমানের নামে সরকারি আমন্ত্রণপত্র পাঠানোর ঘটনায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। প্রায় দেড় বছর আগে মৃত্যুবরণ করা এই বর্ষীয়ান রাজনীতিককে আগামী ২০ জুন ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য একটি রাষ্ট্রীয় টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

বুধবার (১৭ জুন) জাতীয় সংসদের অধিবেশন চলাকালে চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমানের ডেস্কে তার প্রয়াত পিতা আবদুল্লাহ আল নোমানের নামে পাঠানো আমন্ত্রণপত্রটি পৌঁছে দেওয়া হয়। বিষয়টি নজরে আসার পর সংসদ ভবন ও রাজনৈতিক অঙ্গনে বিস্ময়ের সৃষ্টি হয়।

উল্লেখ্য, বিএনপির প্রবীণ নেতা আবদুল্লাহ আল নোমান ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। বর্তমানে তার নির্বাচনী আসনের প্রতিনিধিত্ব করছেন তার ছেলে সাঈদ আল নোমান।

আমন্ত্রণপত্রটি হাতে পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন প্রতিক্রিয়া জানান সংসদ সদস্য সাঈদ আল নোমান। তিনি লেখেন, ‘আজ আমার জীবনের একটি ব্যতিক্রমী দিন। অধিবেশন চলাকালে ডেস্কে একটি দাওয়াতপত্র পেলাম, যেখানে আমার প্রয়াত বাবা আবদুল্লাহ আল নোমানের নাম লেখা। হয়তো এটি প্রশাসনিক ভুল, কিন্তু অনুভূতির জায়গা থেকে বিষয়টি ভিন্ন অর্থ বহন করে। মনে হলো, জাতীয় সংসদ এখনো বিশ্বাস করে তিনি আমাদের মাঝেই আছেন।’

তিনি আরও বলেন, ‘মানুষের শ্রদ্ধা, ভালোবাসা ও স্মৃতিতে তিনি আজও জীবন্ত। তখন মনে প্রশ্ন জাগে—মৃত নোমান কি জীবিত নোমানের চেয়েও শক্তিশালী? আমার উত্তর, নিঃসন্দেহে হ্যাঁ।’

তবে বিষয়টিকে অনেকেই শুধুমাত্র একটি সাধারণ ভুল হিসেবে দেখছেন না। সংশ্লিষ্ট মহলের মতে, একজন প্রয়াত জাতীয় নেতার নামে সরকারি আমন্ত্রণপত্র পাঠানো দায়িত্বশীল প্রশাসনিক ব্যবস্থাপনার ঘাটতিরই বহিঃপ্রকাশ। তারা এটিকে তথ্য হালনাগাদে অবহেলা এবং দায়িত্ব পালনে গাফিলতির উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন।

ঘটনাটি নিয়ে রাজনৈতিক মহল ও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই সরকারি দপ্তরগুলোর তথ্যভান্ডার নিয়মিত হালনাগাদ ও যাচাই-বাছাইয়ের ওপর গুরুত্বারোপ করেছেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad