বাংলাদেশে বিড়ালপ্রেমীদের জন্য নতুন একটি উদ্যোগ গ্রহণ করেছেন মানবাধিকার কর্মী ও প্রাণীকল্যাণ সংশ্লিষ্ট সংগঠক মুহাম্মদ রাজ। তার এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে ‘মিউ মিউ ব্রিটিশ ক্যাটস’।
জানা গেছে, মুহাম্মদ রাজ হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের মহাপরিচালক এবং সার্ক হিউম্যান রাইটস ফাউন্ডেশনের আন্তর্জাতিক মানবাধিকার বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি প্রাণী আমদানি-রপ্তানির বৈধ লাইসেন্সধারী।
তিনি জানান, আপাতত শখের ভিত্তিতে এবং অবসর সময়ে তিনি বিশ্বের উন্নত জাতের ব্রিটিশ শর্ট হেয়ার বিড়াল নিয়ে কাজ করবেন। পরিকল্পনা অনুযায়ী রাশিয়া, ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ থেকে বিশুদ্ধ জাতের বিড়াল আনার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে দেশে আসল ব্রিড সম্পর্কে আগ্রহীরা নির্ভরযোগ্য তথ্য ও প্রাণী সংগ্রহের সুযোগ পান।
শিগগিরই রাশিয়া থেকে দুটি ব্রিটিশ শর্ট হেয়ার বিড়াল দেশে আসছে বলে জানা গেছে। এসব বিড়ালের রয়েছে পূর্ণাঙ্গ পেডিগ্রি ও প্রয়োজনীয় কাগজপত্র।
এ উদ্যোগের অংশ হিসেবে আগামী ১০ জুলাই ২০২৬ তারিখে একটি ওয়েবসাইট চালুর পরিকল্পনাও রয়েছে। সেখানে বিড়ালের জাত, যত্ন, স্বাস্থ্য ও সংগ্রহ সম্পর্কিত তথ্য পাওয়া যাবে।
এছাড়া তিনি পথের অসুস্থ ও আহত প্রাণীদের জন্য একটি রেসকিউ টিম গঠনের পরিকল্পনার কথাও জানিয়েছেন। এই দল উদ্ধারকৃত প্রাণীদের চিকিৎসা ও পরিচর্যার ব্যবস্থা করবে।
পরিকল্পনায় আরও রয়েছে একটি ক্যাট হোস্টেল, যেখানে মালিকরা ভ্রমণ বা ব্যস্ততার সময় তাদের পোষা বিড়াল নিরাপদে রেখে যেতে পারবেন। পাশাপাশি বিড়ালের জন্য মানসম্মত খাদ্য ও সরঞ্জাম সরবরাহের ব্যবস্থাও রাখা হবে বলে জানা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এই উদ্যোগ নিয়ে ইতোমধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে বলে দাবি করা হচ্ছে।
প্রাণীপ্রেম ও মানবিক উদ্যোগকে একসঙ্গে যুক্ত করে এই প্রকল্পকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্ট অনেকে।

প্রথম দর্পণ অনলাইন,ডেক্স