চলতি ফুটবল বিশ্বকাপে দ্রুততম গোলের লড়াইয়ে তৈরি হয়েছে নতুন উত্তেজনা। ম্যাচের শুরুতেই গোল করে একের পর এক স্ট্রাইকার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসছেন। তবে দ্রুততম গোলের বিশ্বরেকর্ড এখনো অটুট রয়েছে তুরস্কের কিংবদন্তি হাকান সুকুরের দখলে।
শনিবার ভোরে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে মাত্র ৭১ সেকেন্ডে গোল করে চলতি আসরের দ্রুততম গোলের রেকর্ড গড়েছিলেন মরক্কোর ইসমায়েল সাইবারি। কিন্তু সেই রেকর্ড বেশি সময় স্থায়ী হয়নি।
একই দিনের আরেক ম্যাচে তুরস্কের বিপক্ষে মাঠে নেমে ইতিহাস নতুন করে লিখে দেন প্যারাগুয়ের মাতিয়াস গালারজা। ম্যাচ শুরুর মাত্র ৬৪ সেকেন্ডের মধ্যেই জালে বল জড়িয়ে তিনি সাইবারিকে ছাড়িয়ে চলতি বিশ্বকাপের দ্রুততম গোলদাতার শীর্ষে উঠে আসেন।
তবে চলতি আসরের এই রেকর্ড গড়লেও বিশ্বকাপ ইতিহাসে গালারজার নাম এখনো সেরা দশে জায়গা করতে পারেনি।
বিশ্বকাপ ইতিহাসে এখনো দ্রুততম গোলের রেকর্ডটি ধরে রেখেছেন তুরস্কের হাকান সুকুর। ২০০২ বিশ্বকাপে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচের শুরু মাত্র ১১ সেকেন্ডে গোল করে তিনি ইতিহাস গড়েন, যা এখনো অক্ষত রয়েছে।
দ্বিতীয় স্থানে আছেন ভাক্লাভ মাসেক (১৫ সেকেন্ড, ১৯৬২), তৃতীয় স্থানে জার্মানির আর্নেস্ট লেহনার (২৫ সেকেন্ড, ১৯৩৪)।
তালিকায় আরও আছেন ব্রায়ান রবসন, ক্লিন্ট ডেম্পসি, বার্নার্ড লাকোম্বসহ একাধিক কিংবদন্তি ফুটবলার।
বিশেষজ্ঞদের মতে, গালারজার ৬৪ সেকেন্ডের গোলটি অসাধারণ হলেও বিশ্বরেকর্ডের ধারেকাছেও যেতে হলে আরও বিস্ময়কর কিছু করতে হবে।
চলতি বিশ্বকাপে দ্রুততম গোল নিয়ে প্রতিযোগিতা তাই আরও জমে উঠছে, আর ফুটবলপ্রেমীরা অপেক্ষায় আছেন—কে ভাঙবেন হাকান সুকুরের দীর্ঘদিনের অটুট রেকর্ড।

প্রথম দর্পণ,স্পোর্টস ডেক্স