শরীয়তপুরে গভীর রাতে আবাসিক হোটেলে আগুন, ছাদে উঠে বাঁচলেন ১৭ জন

  • প্রথম দর্পণ অনলাইন,ডেক্স
  • আপলোড সময় : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ দুপুর
  • ২০৭২ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত।
শরীয়তপুর সদর উপজেলায় গভীর রাতে একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় প্রাণ বাঁচাতে হোটেলে থাকা ১৭ জন ভবনের ছাদে আশ্রয় নেন। পরে ফায়ার সার্ভিস ও পুলিশের সহযোগিতায় তাদের নিরাপদে উদ্ধার করা হয়। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে শরীয়তপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়সংলগ্ন নূর হোটেল ইন্টারন্যাশনালের ছয়তলা ভবনে এ অগ্নিকাণ্ড ঘটে।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত দেড়টার দিকে হোটেলের নিচতলার পার্কিংয়ে থাকা একটি প্রাইভেট কার থেকে আগুনের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, প্রথমে গাড়িটির একটি চাকা বিস্ফোরিত হয়। কিছুক্ষণ পর গাড়িতে থাকা সিলিন্ডার বিকট শব্দে বিস্ফোরিত হলে আগুন দ্রুত পার্কিং এলাকা থেকে ভবনের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে।

আগুনের তীব্রতা বাড়তে থাকায় হোটেলে থাকা ১৭ জন নিচে নামতে না পেরে ভবনের ছাদে উঠে আশ্রয় নেন। এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে ফায়ার সার্ভিসে খবর দেন।

পরে শরীয়তপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি ছাদে আটকে থাকা ১৭ জনকেও নিরাপদে উদ্ধার করা হয়। তাদের মধ্যে পাঁচজন আহত হয়েছেন। আহতদের শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

শরীয়তপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইন্সপেক্টর শংকর বিশ্বাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হোটেলের নিচের পার্কিংয়ে আগুন জ্বলতে দেখা যায়। আগুনের তীব্রতা বেশি থাকায় শুরুতে ওপরের দিকে পৌঁছানো সম্ভব হচ্ছিল না। প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনে ছাদে আটকে থাকা ১৭ জনকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে পাঁচজন আহত হয়েছেন।

পালং মডেল থানার উপপরিদর্শক (এসআই) সুধাংশু সরকার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিসের সঙ্গে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পরে ভবনের ছাদে আটকে থাকা সবাইকে নিরাপদে বের করে আনা হয়। আগুনে নিচতলার পার্কিংয়ে থাকা ১২টি মোটরসাইকেল ও একটি প্রাইভেট কার পুড়ে গেছে।

প্রত্যক্ষদর্শী আলিম কাজী বলেন, প্রথমে গাড়ির চাকা বিস্ফোরিত হয়। কিছুক্ষণ পর বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরিত হলে পুরো ভবন কেঁপে ওঠে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। ওপরে থাকা লোকজন দরজা ভেঙে ছাদে উঠে প্রাণ রক্ষা করেন।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে প্রাথমিকভাবে বিদ্যুৎ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad