নতুন প্রজন্মের গান তেমন একটা শুনি না: সাবিনা ইয়াসমিন

  • প্রথম দর্পণ,বিনোদন ডেক্স
  • আপলোড সময় : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ বিকাল
  • ১৯২৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
বাংলা গানের কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমিন বলেছেন, বর্তমান প্রজন্মের গান তিনি খুব একটা শোনেন না। অবসর পেলে বরং পুরোনো গানই শুনতে পছন্দ করেন তিনি। তবে শ্রোতাদের ভালো বাংলা গান শোনার আহ্বান জানিয়েছেন এই শিল্পী।

আজ ৪ সেপ্টেম্বর সাবিনা ইয়াসমিনের জন্মদিন। ১৯৫৪ সালের এই দিনে সাতক্ষীরায় জন্মগ্রহণ করেন বাংলা গানের এই কিংবদন্তি শিল্পী। তাঁর পারিবারিক নাম ছিল দিলশাদ ইয়াসমিন। পরে ভারতের প্রখ্যাত সংগীতশিল্পী তালাত মাহমুদের মেয়ের নাম অনুসারে তাঁর নাম রাখা হয় সাবিনা। এরপর বোনদের নামের সঙ্গে মিল রেখে যুক্ত হয় ‘ইয়াসমিন’।

জন্মদিনের বিশেষ কোনো আয়োজন নেই জানিয়ে সাবিনা ইয়াসমিন বলেন, ঘরোয়াভাবে বোন, ভাগনে-ভাগনি ও কয়েকজন বন্ধুকে নিয়ে সময় কাটাবেন তিনি।

নিজের শারীরিক অবস্থা সম্পর্কে তিনি বলেন, ‘আমি ভালো আছি, সুন্দর আছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ অনেক ভালো রেখেছেন।’ বর্তমানে নিজের দেখাশোনা নিজেই করেন বলেও জানান তিনি।

সাবিনা ইয়াসমিন দীর্ঘদিন ধরে মানুষের কল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। ‘ডিস্ট্রেসড চিলড্রেন’ নামে একটি মার্কিন সংগঠনের সঙ্গে বেশ কয়েক বছর ধরে কাজ করছেন তিনি। পাশাপাশি অরূপ রতন চৌধুরীর ‘মানস’ প্রতিষ্ঠানের সেক্রেটারি হিসেবেও দায়িত্ব পালন করছেন। সামর্থ্য অনুযায়ী বিপদে পড়া মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন বলেও জানান।

গানের অনুষ্ঠান প্রসঙ্গে সাবিনা ইয়াসমিন বলেন, চলতি মাসে একটি অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে, যদিও সেটি এখনো চূড়ান্ত হয়নি। আগামী মাসে গানের অনুষ্ঠানে অংশ নিতে বিদেশেও যাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর।

বর্তমান প্রজন্মের গান প্রসঙ্গে তিনি বলেন, গান শোনার জন্য খুব বেশি সময় পান না। যখন সময় পান, তখন পুরোনো গানই শোনেন। নতুন প্রজন্মের গান তিনি তেমন একটা শোনেন না।

নতুন প্রজন্মের অনেক শিল্পী থাকলেও তাঁরা আগের প্রজন্মের মতো আইকনিক হয়ে উঠতে পারছেন না—এমন মন্তব্যের বিষয়ে সাবিনা ইয়াসমিন কোনো মন্তব্য করতে চাননি। তিনি বলেন, এ বিষয়ে তিনি নিজেই তেমন কিছু জানেন না, তাই বলা তাঁর পক্ষে সম্ভব নয়।

ভক্তদের উদ্দেশে সাবিনা ইয়াসমিন বলেন, তাঁরা যেন সারা জীবন ভক্ত হয়েই থাকেন এবং ভালো গান শোনেন। বাজে গান বাদ দিয়ে বেশি করে ভালো বাংলা গান শোনার আহ্বান জানিয়ে তিনি বলেন, তিনি সব সময় ভালো গানের পক্ষে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad