সংকট সমাধানে ব্যর্থ হলে দায়িত্ব ছাড়ুন: গাজী আতাউর

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ বিকাল
  • ৩০২৩ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
দেশের চলমান সংকট সমাধানে সরকার ব্যর্থ হলে দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের (আইএবি) মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বাদ জুমা রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত জ্বালানি, বিদ্যুৎ, পানি সংকট ও মূল্যস্ফীতির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল-পূর্ব সমাবেশে তিনি এ কথা বলেন।

গাজী আতাউর রহমান বলেন, নির্বাচনের পর ছয় মাস পেরিয়ে গেলেও সরকার কোনো সংকটের কার্যকর সমাধান করতে পারেনি। বরং জনগণ নতুন নতুন সংকটের মুখোমুখি হচ্ছে। এমন কোনো কার্যক্রমও সরকার নিতে পারেনি, যাতে জনগণ আশ্বস্ত হতে পারে।

তিনি বলেন, জ্বালানি সংকটে শিল্পোৎপাদনে ধস নেমেছে, হাজার হাজার মানুষ বেকার হচ্ছে। বিদ্যুৎ সংকটে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গ্যাস সংকটে বাসাবাড়িতে রান্না ব্যাহত হওয়ার পাশাপাশি কারখানাও বন্ধ হচ্ছে। বেকারত্বের কারণে চুরি, ছিনতাই ও রাহাজানিসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে নগরজীবনে আতঙ্ক তৈরি হচ্ছে।

আইএবি মহাসচিব অভিযোগ করেন, রাষ্ট্রের গুরুতর এসব সমস্যা সমাধানে সরকারের মধ্যে গা-ছাড়া ভাব দেখা যাচ্ছে। ইউক্রেন ও ইরানের যুদ্ধসহ বিভিন্ন কারণ দেখিয়ে সরকার দায় এড়ানোর চেষ্টা করছে বলে মনে হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে আগের সরকারের ওপর দায় চাপিয়ে দায়িত্ব এড়িয়ে যাওয়ার প্রবণতাও দেখা যাচ্ছে। সংশ্লিষ্ট মন্ত্রীরা সাংবাদিকদের সামনে এসে শুধু দুঃখ প্রকাশ করছেন।

তিনি আরও বলেন, এত সংকটের মধ্যেও সরকার ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড চালু করেছে। এর মাধ্যমে দলীয় লোকজনকে দুর্নীতির আরেকটি সুযোগ করে দেওয়া হয়েছে। সংকট উত্তরণে ছয় মাসেও সরকারের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কোনো পরিকল্পনা দেখা যায়নি। এতে তারা হতাশ হয়েছেন।

সমাবেশে সভাপতির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শেখ ফজলুল করীম মারুফ বলেন, রাষ্ট্রের সংকটের সমাধান করতেই হবে। সংকটের কারণ যা-ই হোক, তা সমাধান করা সরকারের দায়িত্ব। এ দায়িত্ব এড়ানোর কোনো সুযোগ নেই।

তিনি বলেন, সমস্যার সমাধান করতে না পারলে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের পরিবর্তে যোগ্য ব্যক্তিদের দায়িত্ব দেওয়া উচিত।

ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি কে এম শরীয়াতুল্লাহর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন আইএবির সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, নগর সহসভাপতি জি এম রুহুল আমিন, আনোয়ার হোসেন, এম এইচ মোস্তফা, জয়েন্ট সেক্রেটারি ফজলুল হক মৃধা এবং ইসলামী যুব আন্দোলনের সহকারী সেক্রেটারি জেনারেল ইলিয়াস হাসানসহ নেতারা।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad