প্রতিষ্ঠার সময় প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন জিতেন গাঙ্গুলী। তাঁর হাত ধরে শুরু হওয়া শিক্ষার পথচলা পরবর্তী সময়ে একের পর এক নিবেদিতপ্রাণ শিক্ষকের শ্রম, মেধা ও আন্তরিকতায় আরও বিস্তৃত হয়েছে। সময়ের সঙ্গে বিদ্যালয়টি বাবুগঞ্জের শিক্ষা বিস্তারের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি পেয়েছে।
শিক্ষার মান ও একাডেমিক ফলাফলের দিক থেকেও প্রতিষ্ঠানটির অবস্থান দীর্ঘদিন ধরে উপজেলার সামনের সারিতে। প্রতি বছর এসএসসি পরীক্ষায় ভালো ফলাফলের মাধ্যমে বিদ্যালয়টি তার সুনাম ধরে রেখেছে।
দীর্ঘ পথচলায় এ বিদ্যালয় থেকে শিক্ষা নিয়েছেন অসংখ্য শিক্ষার্থী। তাঁদের অনেকে উচ্চশিক্ষা শেষ করে প্রশাসন, শিক্ষা, চিকিৎসা, ব্যবসা ও সামাজিক কর্মকাণ্ডসহ রাষ্ট্র ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনেও বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সাফল্যের নজির রয়েছে।
বর্তমানে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন ইব্রাহিম খলিল। তাঁর নেতৃত্বে নিয়মিত পাঠদান নিশ্চিত করা, শিক্ষার পরিবেশ বজায় রাখা, শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলাবোধ তৈরি এবং একাডেমিক ফলাফল আরও উন্নত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
ইব্রাহিম খলিল বলেন, ‘শিক্ষার মানোন্নয়ন ও সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, নিয়মিত পাঠদান, শৃঙ্খলা এবং নৈতিক ও মানবিক মূল্যবোধ বিকাশের বিষয়গুলোকে আমরা গুরুত্ব দিচ্ছি।’
বর্তমান সময়ে শিক্ষাব্যবস্থায় প্রযুক্তির ব্যবহার বাড়ার পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তা, প্রযুক্তিগত দক্ষতা, নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে গড়ে তোলার প্রয়োজনীয়তাও বেড়েছে। এ বাস্তবতায় বিদ্যালয় কর্তৃপক্ষ আধুনিক শিক্ষার সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষার্থীদের প্রস্তুত করার ওপর গুরুত্ব দিচ্ছে।
বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, বাবুগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় দীর্ঘদিন ধরে উপজেলার শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। উপজেলার একমাত্র সরকারি মাধ্যমিক বিদ্যালয় হওয়ায় প্রতিষ্ঠানটির প্রতি স্থানীয় মানুষের প্রত্যাশাও বেশি।
প্রতিষ্ঠার ৭৯ বছর পেরিয়ে ৮০তম বর্ষে পা দেওয়ার অপেক্ষায় থাকা বাবুগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় তার পুরোনো ঐতিহ্য ও সুনাম ধরে রেখে পরিবর্তিত সময়ের শিক্ষাচাহিদা পূরণে এগিয়ে যাচ্ছে।

প্রথম দর্পণ অনলাইন,ডেক্স