ছেলেকে বাঁচিয়ে পানিতে ডুবে বাবার মৃত্যু

  • প্রথম দর্পণ অনলাইন,ডেক্স
  • আপলোড সময় : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ দুপুর
  • ৩৮৪০ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত।
গাইবান্ধার সাঘাটা উপজেলায় বিলে মাছ ধরতে গিয়ে গভীর পানিতে তলিয়ে যাওয়া ১০ বছরের ছেলেকে বাঁচাতে গিয়ে ময়িনুল ইসলাম (৩৫) নামে এক বাবার মৃত্যু হয়েছে। ছেলেকে নিরাপদে পাড়ে তুলতে পারলেও শেষ পর্যন্ত নিজে আর পানি থেকে উঠতে পারেননি তিনি।

শনিবার সন্ধ্যায় উপজেলার বোনারপাড়া ইউনিয়নের তেলিয়ান বিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ময়িনুল ইসলাম বোনারপাড়া ইউনিয়নের পূর্ব শিমুলতাইড় গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে। দুর্ঘটনার পর জীবিত উদ্ধার হওয়া তাঁর ১০ বছর বয়সী ছেলে মাহিদ।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে ময়িনুল ইসলাম ছেলে মাহিদকে সঙ্গে নিয়ে জাল দিয়ে মাছ ধরতে তেলিয়ান বিলে যান। মাছ ধরার একপর্যায়ে দুজনই বিলের গভীর পানিতে তলিয়ে যেতে থাকেন। এ সময় ময়িনুল আপ্রাণ চেষ্টা করে ছেলেকে উদ্ধার করেন এবং তাকে পাড়ের দিকে ঠেলে দেন। এতে মাহিদ নিরাপদে উঠতে পারলেও ময়িনুল নিজে গভীর পানিতে তলিয়ে যান।

ঘটনাটি দূর থেকে দেখতে পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। পরে বোনারপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালিয়ে ময়িনুল ইসলামের মরদেহ উদ্ধার করেন।

স্থানীয় বাসিন্দা মিনহাজুল ইসলাম বলেন, নিজের জীবন দিয়ে সন্তানকে বাঁচানো ময়িনুল ইসলামের আত্মত্যাগ অভিভাবকের ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

বোনারপাড়া ফায়ার স্টেশনের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে ময়িনুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad