রোববার সকাল ১১টার দিকে মহেন্দ্রনগরে বাংলাদেশ এগ্রিকালচার অ্যান্ড ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের গোডাউনের সামনে মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেন বিক্ষুব্ধ কৃষকরা।
কৃষকদের অভিযোগ, সারের চাহিদার মৌসুমে প্রয়োজন অনুযায়ী সার পাওয়া যাচ্ছে না। এতে সময়মতো জমিতে সার প্রয়োগ করতে না পারায় ফসলের ক্ষতির আশঙ্কা করছেন তারা। প্রতিদিন পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত এবং কৃত্রিম সংকট সৃষ্টিকারী সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে তারা সড়কে নামতে বাধ্য হয়েছেন বলে জানান।
অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় ইউপি চেয়ারম্যান ঘটনাস্থলে গিয়ে কৃষকদের সঙ্গে কথা বলেন।
পরে জেলা প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে প্রায় আধা ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করে নেন কৃষকরা। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান বলেন, জেলায় সারের কোনো বাস্তব সংকট নেই। হাতীবান্ধা উপজেলার একটি ইউনিয়নে সার বিতরণের খবর ছড়িয়ে পড়ার পর অন্যান্য এলাকার কৃষকরাও মহেন্দ্রনগরে চলে আসায় ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল।
তিনি বলেন, জেলায় সারের ঘাটতি নেই। তবে সার সরবরাহ বা বিতরণে সুনির্দিষ্ট কোনো অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তা তদন্ত করে প্রয়োজনীয় কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রথম দর্পণ অনলাইন,ডেক্স