বৃষ্টিতে ভিজতে ছাদে, বজ্রপাতে তরুণের মৃত্যু

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
রাজধানীর হাজারীবাগে বৃষ্টিতে ভিজতে ভবনের ছাদে গিয়ে বজ্রপাতে রিয়াজ (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার চার বছর বয়সী ভাতিজি অন্তরা গুরুতর আহত হয়েছে।

সোমবার বেলা ৩টার দিকে হাজারীবাগের বউবাজার এলাকায় একটি চারতলা ভবনের ছাদে এ ঘটনা ঘটে। বজ্রপাতে আহত রিয়াজকে মুমূর্ষু অবস্থায় স্বজনরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসক বিকেল ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ইনচার্জ হাবিবুর রহমান। তিনি জানান, রিয়াজের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

রিয়াজকে হাসপাতালে নিয়ে আসা মো. সুমন জানান, বৃষ্টিতে ভিজতে রিয়াজ ও তার ভাতিজি অন্তরা ছাদে গিয়েছিল। হঠাৎ বজ্রপাত হলে দুজনই অচেতন হয়ে পড়ে। পরে দ্রুত তাদের স্থানীয় শিকদার মেডিকেলে নেওয়া হয়। সেখান থেকে রিয়াজকে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্তরা শিকদার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নিহত রিয়াজের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার চর রমণী গ্রামে। তার বাবার নাম মো. ইউসুফ। রিয়াজ আগে হাজারীবাগের একটি জুতা ও ব্যাগ তৈরির কারখানায় কাজ করতেন। কিছুদিন কাজ ছেড়ে গ্রামের বাড়িতে থাকার পর প্রায় এক মাস আগে ঢাকায় ফিরে একই কাজে যোগ দেন। তিনি হাজারীবাগের বউবাজার এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad