জায়েদ খানের সহায়তার দাবি অস্বীকার, পাল্টা অভিযোগ রিফাত চৌধুরীর

  • প্রথম দর্পণ,বিনোদন ডেক্স
  • আপলোড সময় : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ রাত
  • ২৩৫৯ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অভিনেতা ও কবি রিফাত চৌধুরীকে আর্থিক সহায়তা করার দাবি করেছিলেন চিত্রনায়ক জায়েদ খান। তবে সেই দাবি সরাসরি অস্বীকার করেছেন রিফাত চৌধুরী। তাঁর দাবি, জায়েদ খান তাঁকে কোনো আর্থিক সহায়তা করেননি। এ নিয়ে গণমাধ্যমে প্রকাশিত খবরেরও সমালোচনা করেছেন তিনি।

রিফাত চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘আমার মনে হয় জায়েদ খান একধরনের অসৎ, প্রতারক, অসম্ভব বাজে একটা লোক। তিনি আমাকে যে সহায়তা করেছেন, এটা ভোগাস। তিনি আমাকে সহায়তা করেছেন—এ ধরনের খবর সত্য নয়।’

কীভাবে বা কারা এ ধরনের খবর প্রকাশ করছে, তা নিয়েও প্রশ্ন তোলেন রিফাত। তাঁর বক্তব্য প্রকাশের পর বিষয়টি নিয়ে শোবিজ অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

এর আগে রিফাতের পাশে দাঁড়ানোর কথা জানিয়েছিলেন জায়েদ খান। তিনি বলেছিলেন, রিফাত তাঁদের সিনিয়র শিল্পী এবং বিপদের সময়ে তাঁর পাশে দাঁড়ানো সহকর্মীদের দায়িত্ব। নিজের সামর্থ্য অনুযায়ী রিফাতের চিকিৎসায় সহায়তা করার চেষ্টা করেছেন বলেও দাবি করেন তিনি।

জায়েদ খান বলেন, ‘রিফাত ভাই আমাদের সিনিয়র শিল্পী। এই সময়ে তাঁর পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। আমি মনে করি, একজন শিল্পীর বিপদের সময়ে সহকর্মীরা পাশে থাকলে তাঁর মনোবল অনেক বেড়ে যায়। আমি আমার সামর্থ্য অনুযায়ী তাঁর পাশে থাকার চেষ্টা করেছি। অন্যরাও যেন এগিয়ে আসেন, এটাই আমার প্রত্যাশা।’

ফেসবুক পোস্টে জয়ের প্রশ্ন

জায়েদ ও রিফাতের পরস্পরবিরোধী বক্তব্যের মধ্যে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করেছেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়।

নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি ‘কফি হাউজের সেই আড্ডাটা’ গানের চরিত্রগুলোর প্রসঙ্গ টেনে বিভিন্ন মন্তব্য করেন। পরে জায়েদ খান ও রিফাত চৌধুরীকে ঘিরে প্রকাশিত খবর প্রসঙ্গে জয় প্রশ্ন তোলেন।

তিনি লেখেন, ‘এই যে বিভিন্ন নিউজ আসছে জায়েদ খান কবি রিফাত চৌধুরীর পাশে দাঁড়িয়েছেন। রিফাত চৌধুরী তো বললেন অন্য কথা। মূল ঘটনাটা কি? সাহায্য করলে ভালো। না করলেও দোষের কিছু না। কিন্তু নিউজ কেন হচ্ছে? কোথায় ঝামেলা?’

জায়েদ খানকে উদ্দেশ করে জয় আরও লেখেন, ‘প্রিয় জায়েদ খান আপনি একটা বক্তব্য দেন। আমরা আগামী এক সপ্তাহ আপনাকে নিয়ে ব্যস্ত থাকি। আমাদের অনেক অবসর।’

চিকিৎসাধীন রিফাত

রিফাত চৌধুরী বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের মেডিসিন ইউনিট-৩-এ চিকিৎসাধীন। দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন তিনি। অসুস্থতার পাশাপাশি চিকিৎসার ব্যয় বহন করাও তাঁর জন্য কঠিন হয়ে পড়েছে।

রিফাতের অসুস্থতার খবর প্রকাশ্যে আসার পর শোবিজ অঙ্গনের অনেকেই তাঁর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। অভিনয়শিল্পী সংঘের প্রতিনিধিরা হাসপাতালে গিয়ে তাঁর খোঁজখবর নেওয়ার পাশাপাশি আর্থিক সহায়তাও দিয়েছেন।

এর আগে অভিনেতা চঞ্চল চৌধুরীও রিফাতের চিকিৎসায় সহায়তার আহ্বান জানান। তিনি বলেন, ‘রিফাত ভাই একা নন। আমি তাঁর পাশে আছি। তাঁর চিকিৎসার জন্য যা যা প্রয়োজন, আমিসহ আমাদের সংগঠনগুলো তাঁর পাশে থাকবে।’

তবে রিফাত চৌধুরীর পক্ষ থেকে জায়েদ খানের সহায়তার দাবি অস্বীকার করার পর বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad