মেসিকে এক চিঠি, আর তাতেই বিশ্বকাপের টিকিট—স্বপ্নপূরণের পথে আট বছরের মানু

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০২ জুলাই ২০২৬, ১০:৩৫ রাত
  • ১৪৪২০ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

একটি আবেগঘন চিঠি বদলে দিল আট বছরের এক শিশুর জীবন। আর্জেন্টিনার ফুটবল মহাতারকা লিওনেল মেসির প্রতি অগাধ ভালোবাসা প্রকাশ করে লেখা একটি চিঠির সুবাদে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপ সরাসরি স্টেডিয়ামে বসে দেখার সুযোগ পেয়েছে আর্জেন্টিনার ক্ষুদে ফুটবলার মানু লিতভি।

আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ক্লাব আর্জেন্টিনোস জুনিয়র্সের বয়সভিত্তিক দলের খেলোয়াড় মানুর গল্পটি শুরু হয় দেশটির জনপ্রিয় লাইভ স্ট্রিমিং প্ল্যাটফর্ম ওলগা-এর ‘সেরিয়া ইনক্রেইবল’ অনুষ্ঠানে। সেখানে মেসির জন্মদিন উপলক্ষে নিজের লেখা একটি হৃদয়স্পর্শী চিঠি পড়ে শোনায় সে।

চিঠিতে মানু লিখেছিল, “প্রিয় লিও, তোমাকে যখন খেলতে দেখি, মনে হয় তুমি আর বল যেন এক হয়ে গেছ। এটা সত্যিই জাদুকরী অনুভূতি।” শুধু মাঠের পারফরম্যান্স নয়, মেসির ব্যক্তিত্বও তাকে গভীরভাবে অনুপ্রাণিত করে। সে আরও লেখে, “তোমার খেলার চেয়েও তোমার মানুষ হিসেবে গুণগুলো আমার বেশি ভালো লাগে। তুমি সব সময় সতীর্থদের পাশে দাঁড়াও এবং কঠিন পরিস্থিতিতেও কখনো হাল ছেড়ে দাও না।”

অনুষ্ঠানে চিঠিটি প্রচারের পর ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। এরপর আসে বিশেষ চমক। মেসির অন্যতম বাণিজ্যিক অংশীদার আর্জেন্টিনার একটি শীর্ষস্থানীয় ব্র্যান্ড মানু ও তার পরিবারের জন্য বিশ্বকাপ দেখার ব্যবস্থা করে।

অনুষ্ঠানের উপস্থাপক পলা চাভেস মানুর উদ্দেশে একটি পাল্টা চিঠি পড়ে শোনান। সেখানে বলা হয়, “আজ থেকে তুমি আর একা একা স্বপ্ন দেখবে না। আমাদের পুরো দলের পক্ষ থেকে তোমাকে এবং তোমার পরিবারকে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ দেখতে আমন্ত্রণ জানানো হচ্ছে।”

এই আমন্ত্রণের ফলে মানু সপরিবারে যুক্তরাষ্ট্রে গিয়ে গ্যালারি থেকে আর্জেন্টিনার ম্যাচ উপভোগ করার সুযোগ পাচ্ছে। শনিবার (বাংলাদেশ সময় ভোর ৪টা) শেষ ৩২ দলের পর্বে কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচে গ্যালারিতে উপস্থিত থেকেই নিজের শৈশবের নায়ক মেসিকে সরাসরি দেখার স্বপ্ন পূরণ হবে তার।

ভবিষ্যতে পেশাদার ফুটবলার হওয়ার স্বপ্ন দেখা মানুর কাছে মেসি শুধু একজন কিংবদন্তি নন, বরং অধ্যবসায়, বিনয় ও সংগ্রামের প্রতীক। এক শিশুর নিষ্পাপ ভালোবাসা ও অনুপ্রেরণাকে সম্মান জানিয়ে নেওয়া এই উদ্যোগ আবারও প্রমাণ করল—সত্যিকারের স্বপ্ন, আন্তরিকতা আর বিশ্বাস থাকলে অসম্ভবও একদিন বাস্তবে রূপ নিতে পারে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad