পেট্রোবাংলার আওতাধীন ১৩টি কোম্পানির তরুণ কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত পেট্রো কোম্পানি যুব সমিতি (পিসিওয়াইএ) আয়োজিত প্রথম ‘ইন্টার-কোম্পানি ফ্রেন্ডলি ফুটসাল টুর্নামেন্ট-২০২৬’ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ঢাকার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কেন্দ্রীয় খেলার মাঠে দিনব্যাপী এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম, সিলেট, খুলনা, কুমিল্লা, সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে বৈরী আবহাওয়া উপেক্ষা করে ১০টি কোম্পানির দল এতে অংশ নেয়।
প্রতিযোগিতার ফাইনালে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানারআপ হয় রাষ্ট্রায়ত্ত একমাত্র গ্যাস সঞ্চালন প্রতিষ্ঠান গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল)।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী মো. হেলাল উদ্দিন তালুকদার, চেয়ারম্যান, আইইবি ঢাকা কেন্দ্র। বিশেষ অতিথি ছিলেন প্রকৌশলী মুহাম্মদ আহসানুল রাসেল, সম্মানী সহ-সাধারণ সম্পাদক (অ্যাডমিন অ্যান্ড ফাইন্যান্স), আইইবি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকৌশলী মীর মোবারক হোসেন, সভাপতি, পেট্রো কোম্পানি যুব সমিতি (পিসিওয়াইএ)।
এ সময় পেট্রোবাংলার অধীন ১৩টি কোম্পানির অফিসার্স অ্যাসোসিয়েশন, ইয়ুথ অ্যাসোসিয়েশন ও ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী প্রতিযোগিতায় গ্রুপ পর্ব, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। পরে বিজয়ী ও রানারআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়। একই সঙ্গে পিসিওয়াইএর ভিশন, মিশন এবং ভবিষ্যৎ কার্যক্রমও তুলে ধরা হয়।
আয়োজকরা জানান, তরুণ কর্মকর্তাদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সহযোগিতা এবং পেশাগত বন্ধন আরও সুদৃঢ় করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন পিসিওয়াইএর সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. রাফিউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. জাহিন আমীর খান, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ জাকিরুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. আব্দুর রাজ্জাক এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল্লাহ তারেক।

শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ