জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, আগামী ৫ সেপ্টেম্বরের লং মার্চ থেকে সরকারকে বোঝানো হবে—গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে ক্ষমতায় টিকে থাকা কঠিন হবে। লং মার্চে কেউ বাধা দেওয়ার চেষ্টা করলে জনস্রোতে সেই বাধা ভেসে যাবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার দুপুরে নগর জামায়াতের কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
মুহাম্মদ শাহজাহান বলেন, দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে জনগণের ন্যায্য দাবি আদায় এবং রাষ্ট্রীয় সংস্কারের দাবিকে জোরালো করতে শনিবার ১১ দলীয় ঐক্যের উদ্যোগে ঢাকা থেকে চট্টগ্রাম লং মার্চ অনুষ্ঠিত হবে। বিকেল ৫টায় চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘী ময়দানে লং মার্চের সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ, তেল ও গ্যাস সংকট, সারের সংকট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সাধারণ মানুষের জীবন দুর্বিসহ হয়ে উঠেছে। রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংকীর্ণ দলীয়করণও পরিস্থিতিকে আরও জটিল করেছে। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণ যে পরিবর্তনের আকাঙ্ক্ষা প্রকাশ করেছে, তা বাস্তবায়নের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অনেক বিষয় এখনো অনিষ্পন্ন রয়েছে।
এই পরিস্থিতিতে জনগণের ন্যায্য দাবি আদায়, গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত এবং জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা বাস্তবায়নে ১১ দলীয় ঐক্য লং মার্চ ও সমাবেশের কর্মসূচি নিয়েছে বলে জানান তিনি।
লং মার্চের দুই দাবিসংবাদ সম্মেলনে লং মার্চের দাবিগুলো তুলে ধরে জামায়াতের এই নেতা বলেন, অবিলম্বে গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে। জনগণের মতামত ও গণরায় কোনোভাবেই উপেক্ষা করা যাবে না।
দ্বিতীয়ত, জুলাই গণহত্যার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করতে হবে। জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের প্রতি ন্যায়বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে প্রতিটি হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনার নিরপেক্ষ তদন্ত ও বিচার নিশ্চিত করার দাবিও জানান তিনি।
চট্টগ্রামবাসীর প্রতি লং মার্চ ও লালদিঘী ময়দানের সমাবেশে শান্তিপূর্ণভাবে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে শাহজাহান বলেন, জনগণের ঐক্যবদ্ধ ও শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমেই জবাবদিহিমূলক, গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার পথ সুগম হবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারের এক প্রতিমন্ত্রী লং মার্চে সংকটের মধ্যেও শত শত ট্রাক যাওয়ার কথা বলেছেন। এর মাধ্যমে তিনি মূলত দেশের সংকটের কথাই স্বীকার করেছেন। সংসদীয় গণতন্ত্রে বিরোধী দল সরকারের অংশ উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, সরকার তাদের মতপ্রকাশে বাধা না দিয়ে সহযোগিতা করবে।
তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের বিদায় হয়েছে। তারা বর্তমান সরকারকে ফ্যাসিস্ট হিসেবে দেখতে চান না। জনগণকে সঙ্গে নিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি।
সরকারের বিরুদ্ধে সর্বত্র দলীয়করণের অভিযোগ তুলে শাহজাহান বলেন, সংকীর্ণ মানসিকতার পরিচয় দিয়ে সরকার সংস্কারের অধ্যাদেশগুলো নিজেদের স্বার্থে বাতিল করেছে।
তিনি জানান, লং মার্চের গাড়িবহরে ফেনী থেকে প্রায় ৫০০টি এবং ঢাকা থেকে এক হাজারের বেশি গাড়ি যুক্ত হবে। পাশাপাশি কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রাম থেকেও মিনি লং মার্চ করে নেতাকর্মীরা চট্টগ্রামের লালদিঘী ময়দানে সমাবেশে যোগ দেবেন।
সংবাদ সম্মেলনে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাতকানিয়া-লোহাগড়া আসনের সংসদ সদস্য মাওলানা শাহজাহান চৌধুরী, মহানগর আমীর নজরুল ইসলাম, সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন, এনসিপির মহানগর সেক্রেটারি মীর মোহাম্মদ শোয়াইবসহ ১১ দলীয় ঐক্যের নেতারা উপস্থিত ছিলেন।

প্রথম দর্পণ অনলাইন,ডেক্স