ধরা যাক, কোনো গবেষককে ৪০টি সরকারি নথি বিশ্লেষণ করে একটি প্রতিবেদন তৈরি করতে হবে। প্রচলিত পদ্ধতিতে তাঁকে প্রতিটি নথি আলাদাভাবে বিশ্লেষণ, তথ্য যাচাই এবং শেষে প্রতিবেদন তৈরির নির্দেশ দিতে হয়। অ্যাস্ট্রার ক্ষেত্রে পুরো কাজের লক্ষ্য একবার জানালেই মডেলটি নিজে থেকে কাজটিকে কয়েকটি ধাপে ভাগ করে এগিয়ে যেতে পারে।
প্রথমে নথিগুলো বিশ্লেষণ করে প্রয়োজনীয় তথ্য বের করা, বিভিন্ন বক্তব্যের মধ্যে মিল-অমিল চিহ্নিত করা এবং পরে সেগুলো সাজিয়ে প্রতিবেদন তৈরি করার মতো কাজ ধারাবাহিকভাবে সম্পন্ন করার লক্ষ্য রয়েছে এতে। প্রয়োজন হলে তথ্য যাচাইয়ের জন্য ওয়েবসাইটেও যেতে পারবে মডেলটি।
এই সক্ষমতা গবেষণার বাইরেও কাজে লাগতে পারে। কোনো প্রতিষ্ঠান বিক্রির তথ্য বিশ্লেষণ করে দুর্বল বাজার শনাক্ত করা, ব্যয়ের হিসাব পর্যালোচনা এবং ভবিষ্যৎ পরিকল্পনার খসড়া তৈরিতে অ্যাস্ট্রার সহায়তা নিতে পারে। সফটওয়্যার নির্মাতারা কোড লেখা, পরীক্ষা এবং ত্রুটি সংশোধনের কাজেও এটি ব্যবহার করতে পারবেন।
কম্পিউটার ব্যবহারের সক্ষমতাও গুরুত্বপূর্ণঅ্যাস্ট্রার অন্যতম আলোচিত বৈশিষ্ট্য হলো কম্পিউটার ব্যবহারের সক্ষমতা। একাধিক ওয়েবসাইটে গিয়ে তথ্য সংগ্রহ, তথ্য কপি করা, হিসাব করা কিংবা নির্দিষ্ট সফটওয়্যারে ফলাফল সাজানোর মতো ধারাবাহিক কাজ সম্পন্ন করার লক্ষ্য রয়েছে মডেলটির।
উদাহরণ হিসেবে, গত তিন মাসের বিক্রির তথ্য সংগ্রহ করে অঞ্চলভিত্তিক তুলনা, সবচেয়ে বেশি কমে যাওয়া পণ্য শনাক্ত এবং ব্যবস্থাপনার জন্য একটি উপস্থাপনা তৈরির মতো কাজ একটি নির্দেশের ভিত্তিতে করার চেষ্টা করতে পারে অ্যাস্ট্রা।
অ্যাস্ট্রা কি এজিআই?অ্যাস্ট্রাকে ঘিরে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো—এটি কি কৃত্রিম সাধারণ বুদ্ধিমত্তা বা এজিআইয়ের (AGI) কাছাকাছি পৌঁছে গেছে?
এজিআই বলতে এমন কৃত্রিম বুদ্ধিমত্তাকে বোঝানো হয়, যা নির্দিষ্ট একটি কাজের মধ্যে সীমাবদ্ধ না থেকে বিভিন্ন ধরনের বুদ্ধিবৃত্তিক কাজ বুঝতে, শিখতে এবং পরিস্থিতি অনুযায়ী সম্পন্ন করতে সক্ষম হবে। নতুন বিষয় শেখা, গবেষণা, পরিকল্পনা, সফটওয়্যার তৈরি, ব্যবসায়িক বিশ্লেষণ ও জটিল সমস্যা সমাধানের মতো কাজও এর আওতায় পড়ে।
অ্যাস্ট্রার মধ্যে এজিআইয়ের কিছু বৈশিষ্ট্যের আভাস থাকলেও এটিকে এখনই এজিআই বলা যাচ্ছে না। মানুষের মতো সাধারণ বুদ্ধিমত্তার জন্য দীর্ঘমেয়াদি শেখার ক্ষমতা, অপরিচিত পরিস্থিতিতে নির্ভরযোগ্য সিদ্ধান্ত, নিজের ভুল শনাক্ত ও সংশোধন এবং বাস্তব জগতের জটিলতা সামলানোর সক্ষমতা প্রয়োজন। এসব ক্ষেত্রে অ্যাস্ট্রার কার্যকারিতা নির্ধারণে আরও পরীক্ষা ও বাস্তব ব্যবহারের তথ্য প্রয়োজন।
শুরুতে কারা ব্যবহার করবে?শক্তিশালী নতুন এআই মডেল সাধারণত একসঙ্গে সবার জন্য উন্মুক্ত করা হয় না। গবেষক, সফটওয়্যার নির্মাতা, ব্যবসায়িক প্রতিষ্ঠান ও নির্বাচিত পরীক্ষামূলক ব্যবহারকারীদের মাধ্যমে প্রথমে এর সক্ষমতা যাচাই করা হতে পারে। এতে মডেলটি বাস্তব কাজে কতটা কার্যকর, কোথায় ভুল করছে এবং কী ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে, তা বোঝার সুযোগ থাকবে।
গবেষণা প্রতিষ্ঠান ও প্রযুক্তি কোম্পানিগুলো এতে সবচেয়ে বেশি সুবিধা পেতে পারে। বড় প্রতিষ্ঠানে প্রতিদিন বিপুল নথি, ই-মেইল, হিসাব ও তথ্য বিশ্লেষণের প্রয়োজন হয়। অ্যাস্ট্রা এসব কাজ নির্ভুলভাবে করতে পারলে কর্মীদের সময় বাঁচার পাশাপাশি একই সময়ে একাধিক কাজ পরিচালনা সহজ হবে।
ঝুঁকি থাকছেইঅ্যাস্ট্রার সক্ষমতা বাড়লেও এআইয়ের ভুল তথ্য তৈরির ঝুঁকি পুরোপুরি দূর হচ্ছে না। কোনো নথির বক্তব্য ভুলভাবে বোঝা, ওয়েবসাইটের তথ্যকে নির্ভরযোগ্য ধরে নেওয়া, হিসাবের ভুল করা কিংবা অসম্পূর্ণ তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত দেওয়ার মতো সমস্যা হতে পারে।
বিশেষ করে স্বাস্থ্য, আইন, অর্থনীতি ও সরকারি সিদ্ধান্তের মতো সংবেদনশীল ক্ষেত্রে এআইয়ের তৈরি ফলাফল সরাসরি ব্যবহার না করে মানুষের পর্যালোচনা জরুরি।
বদলে যেতে পারে এআই ব্যবহারের ধরনঅ্যাস্ট্রার সবচেয়ে বড় সম্ভাবনা হলো এআই ব্যবহারের প্রচলিত ধারণায় পরিবর্তন আনা। এতদিন ব্যবহারকারীকে ধাপে ধাপে নির্দেশ দিয়ে এআইয়ের কাছ থেকে কাজ করিয়ে নিতে হতো। নতুন ধরনের এআইয়ের লক্ষ্য হচ্ছে ব্যবহারকারীকে একটি বড় কাজের দায়িত্ব দেওয়ার সুযোগ তৈরি করা।
অর্থাৎ, ব্যবহারকারী শুধু কাজের উদ্দেশ্য জানাবেন; এরপর এআই নিজেই পরিকল্পনা তৈরি, প্রয়োজনীয় তথ্য সংগ্রহ, বিশ্লেষণ এবং ফলাফল উপস্থাপনের মতো ধাপ সম্পন্ন করার চেষ্টা করবে।
এতে এআইয়ের সক্ষমতা যাচাইয়ের মানদণ্ডও বদলে যেতে পারে। আগে প্রশ্ন ছিল—কোন মডেল সবচেয়ে ভালো উত্তর দিতে পারে। ভবিষ্যতে প্রশ্ন হতে পারে—কোন মডেল সবচেয়ে নির্ভরযোগ্যভাবে একটি জটিল কাজ শেষ করতে পারে।
অ্যাস্ট্রাকে এখনই এজিআই বলা না গেলেও এটি এমন একটি ভবিষ্যতের ইঙ্গিত দিচ্ছে, যেখানে এআই কেবল তথ্যের সহকারী নয়; গবেষক, বিশ্লেষক, প্রোগ্রামার, পরিকল্পনাকারী কিংবা ভার্চুয়াল কর্মীর ভূমিকাতেও কাজ করতে পারে। এজিআইয়ের যুগ শুরু হয়েছে কি না, তার উত্তর এখনই নিশ্চিত নয়। তবে অ্যাস্ট্রার মতো মডেল সেই সম্ভাবনার পথকে আগের তুলনায় আরও স্পষ্ট করে তুলছে।

প্রথম দর্পণ,ডেস্ক