আগামী ৬ অক্টোবর ঘরের মাঠে আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলবেন মেসি। বেনিনের বিপক্ষে ওই ম্যাচে বিশেষ জার্সি পরে মাঠে নামার কথা রয়েছে আর্জেন্টাইন অধিনায়কের। এরপর থেকেই মেসিকে ছাড়া জাতীয় দলের ভবিষ্যৎ পরিকল্পনা সাজাতে হবে স্কালোনির কোচিং স্টাফকে।
বলিভিয়া, বুরকিনা ফাসো ও বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচ সামনে রেখে সংবাদ সম্মেলনে স্কালোনি রোমেরোকেই পরবর্তী অধিনায়ক হিসেবে নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘অধিনায়ক হবে কুটি।’
স্কালোনি জানান, মেসি ও নিকোলাস ওতামেন্দির পর রোমেরোই দলের তৃতীয় অধিনায়ক ছিলেন। পাশাপাশি এমিলিয়ানো মার্তিনেজ, রদ্রিগো ডি পল ও লাউতারো মার্তিনেজেরও নেতৃত্ব দেওয়ার সুযোগ রয়েছে। তবে তাঁর বর্তমান পরিকল্পনায় রোমেরোকেই উপযুক্ত মনে করছেন তিনি।
আগেও তিন ম্যাচে নেতৃত্ব২৮ বছর বয়সী রোমেরো এরই মধ্যে আর্জেন্টিনাকে তিনটি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। ২০২৫ সালে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে চিলির বিপক্ষে প্রথমবার অধিনায়কের আর্মব্যান্ড পরেন তিনি। ওই ম্যাচে ১-০ গোলে জয় পায় আর্জেন্টিনা।
একই বছরের অক্টোবরে ভেনেজুয়েলার বিপক্ষে প্রীতি ম্যাচেও অধিনায়কত্ব করেন রোমেরো। ২০২৬ বিশ্বকাপের আগে মৌরিতানিয়ার বিপক্ষে ২-১ গোলের জয়েও তাঁর নেতৃত্বে মাঠে নামে আর্জেন্টিনা।
স্কালোনির আস্থার অন্যতম কারণ রোমেরোর নেতৃত্বগুণ। রক্ষণভাগ থেকে দলকে সংগঠিত ও নেতৃত্ব দেওয়ার সক্ষমতা রয়েছে এই ডিফেন্ডারের বলে মনে করেন আর্জেন্টাইন কোচ।
তবে ২০২৭ সালেও স্কালোনি আর্জেন্টিনার কোচ থাকবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। ফলে ভবিষ্যতে অধিনায়কত্বের পরিকল্পনায় পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। আপাতত মেসির পর আর্জেন্টিনার অধিনায়ক হিসেবে স্কালোনির পছন্দ রোমেরোই।

প্রথম দর্পণ,স্পোর্টস ডেক্স