দ্বিতীয় দফায় আয়োজিত ‘মুয়াজ্জিন প্রশিক্ষণ প্রোগ্রাম’-এ অংশগ্রহণকারীদের পেশাগত ও ব্যক্তিগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি আদর্শ মুয়াজ্জিন হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হবে।
আয়োজকরা জানান, প্রশিক্ষণে আজান ও ইকামাতের প্রতিটি শব্দের নির্ভুল ও বিশুদ্ধ উচ্চারণ, সংশ্লিষ্ট প্রয়োজনীয় মাসআলা-মাসায়েল এবং পবিত্র মদিনা ও মিসরীয় ঐতিহ্যবাহী সুরের অনুশীলন করানো হবে। পাশাপাশি কণ্ঠের যত্ন, দীর্ঘ শ্বাস নিয়ন্ত্রণ ও স্কেল ঠিক রাখার জন্য বিশেষ ব্যায়ামও থাকবে।
প্রশিক্ষণ কর্মসূচিতে তারবিয়াহ, ব্যক্তিত্ব উন্নয়ন, আদর্শ মুয়াযযিনের গুণাবলি, যোগাযোগ ও সমঝোতা দক্ষতা এবং আধুনিক সাউন্ড সিস্টেম পরিচালনার কারিগরি বিষয় শেখানো হবে। এ ছাড়া রুকইয়াহ সেশন ও প্যারেন্টিং বিষয়েও প্রশিক্ষণের ব্যবস্থা থাকছে।
প্রশিক্ষণটি সম্পূর্ণ বিনামূল্যে। নির্বাচিত প্রশিক্ষণার্থীদের জন্য আবাসন ও খাবারের ব্যবস্থা থাকবে। এ ছাড়া যাতায়াত খরচ, প্রশিক্ষণ শেষে সনদ এবং অভিজ্ঞ প্রশিক্ষকদের মাধ্যমে ব্যক্তিগত মূল্যায়ন ও পরিচর্যার সুযোগ দেওয়া হবে।
আগ্রহীদের আগামী ১৭ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে হবে। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ফোনে জানানো হবে এবং ১৯ সেপ্টেম্বর মৌখিক পরীক্ষায় (ভাইভা) অংশ নিতে হবে।
প্রশিক্ষণ চলবে ২০ থেকে ২৯ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত। শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ক্লাস অনুষ্ঠিত হবে। শুক্রবার সাপ্তাহিক ছুটি। আবাসিক ও অনাবাসিক—দুই ধরনের সুবিধা থাকলেও আসনসংখ্যা সীমিত বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।
আবেদনের যোগ্যতাবর্তমানে মুয়াজ্জিন হিসেবে কর্মরত ব্যক্তিরা প্রশিক্ষণের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের ক্ষেত্রে সংশ্লিষ্ট মসজিদ কমিটির প্রত্যয়নপত্র দিতে হবে।
আবেদনকারীকে কুরআনের হাফেজ অথবা নাহবেমীর কিংবা আলিয়া থেকে দাখিল পাস হতে হবে। একই সঙ্গে কণ্ঠে সুর এবং তা আয়ত্ত করার সক্ষমতা থাকা বাধ্যতামূলক। আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৩৫ বছর।
আগ্রহীরা নির্ধারিত গুগল ফর্মের মাধ্যমে আবেদন করতে পারবেন। বিস্তারিত তথ্যের জন্য আস-সুন্নাহ দাওয়াহ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের সাতারকুল, কাজীবাড়ি ক্যাম্পাস (কবরস্থানের পাশে), উত্তর বাড্ডা, ঢাকায় যোগাযোগ করা যাবে। প্রয়োজনে ০১৮০৫৪৩৭৯১০ নম্বরে যোগাযোগ করা যাবে।

প্রথম দর্পণ,ডেস্ক