মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেডিপি এসব তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি ও জামায়াতের জোটের বাইরে থাকা রাজনৈতিক দলগুলোকে অগ্রাধিকার দিয়ে চিঠি পাঠানো হয়েছে। সরাসরি যোগাযোগের পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমেও এসব চিঠি পৌঁছে দেওয়া হয়েছে।
জেডিপি জানায়, আগামী ১২ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টায় রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে মিরাজ শেখের সন্ধান এবং তাকে জীবিত অবস্থায় পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবিতে ‘গণপ্রতিবাদ সভা’ অনুষ্ঠিত হবে।
দলটির দাবি, বিভিন্ন মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী, গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে এবং বিএনপি সরকারের সময়ে মিরাজ শেখ প্রথম গুমের শিকার ব্যক্তি। তার সন্ধানের দাবিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠনের সমর্থন আদায়ে চিঠি দেওয়া হচ্ছে।
জেডিপির পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ ন্যাপ, জাকের পার্টি, জনতার দল, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাসদ (মার্কসবাদী), ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ, বাংলাদেশ মুসলিম লীগ, বাংলাদেশ রিপাবলিকান পার্টি, বাংলাদেশ আজাদ পার্টি, জাতীয় বিপ্লবী পরিষদ ও বাংলাদেশ গ্রিন পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের কাছে চিঠি পাঠানো হয়েছে।
এ ছাড়া নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন (এনপিএ), অল্টারনেটিভস, গণবিপ্লবী উদ্যোগ (পিআইআরআই), আপ বাংলাদেশ, বাংলাদেশ জনরাষ্ট্র আন্দোলন, জুলাই জোট, ইনকিলাব মঞ্চ, জুলাই মঞ্চ, রাষ্ট্রসংলাপ ফোরাম, দ্য রেড জুলাই, মঞ্চ ২৪, জুলাই ঐক্য, পুসাব ও জুলাই সংগ্রাম পরিষদসহ বিভিন্ন সংগঠনকেও চিঠি দেওয়া হয়েছে।
বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার, তাসনিম জারা, আব্দুল কাদের, সাইফুর সাগর, নাবিলা ইদ্রিস, মোহাম্মদ সজল, আব্দুল্লাহ আল শাফিল, ইমরান মাহফুজ, আজিজ ইশরাক ফাহিম ও ফখরুল ইসলামসহ বিভিন্ন ব্যক্তির কাছেও চিঠি পাঠানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
গত ৪ সেপ্টেম্বর স্বাক্ষরিত ওই চিঠিতে জেডিপি জানায়, মিরাজ শেখ নিখোঁজ হওয়ার ১৪৬ দিন পার হলেও তার সন্ধান পাওয়া যায়নি। দলটির দাবি, তার সন্ধানের দাবিতে মাঠে নামায় তার স্ত্রী, মা ও বোনকে উল্টো ২৭ দিন কারাভোগ করতে হয়েছে।
চিঠিতে আরও বলা হয়, গত ১২ জুলাই হাইকোর্ট নিখোঁজ মিরাজ শেখকে উদ্ধার করে ১৫ দিনের মধ্যে আদালতে হাজির করার নির্দেশ দেন। তবে নির্ধারিত সময় পার হলেও তাকে উদ্ধার করে আদালতে হাজির করা হয়নি। এতে আদালতের নির্দেশ বাস্তবায়িত হয়নি বলে দাবি করেছে জেডিপি। দলটির অভিযোগ, মিরাজ শেখের সন্ধান দেওয়ার পরিবর্তে স্বরাষ্ট্রমন্ত্রী ভিকটিম ব্লেমিং করেছেন।
জেডিপির মতে, মিরাজ শেখের সন্ধানের দাবি এবং ভবিষ্যতে গুমের সংস্কৃতি প্রতিরোধে রাজনৈতিক ও সামাজিক শক্তিগুলোর সম্মিলিতভাবে সোচ্চার হওয়া প্রয়োজন। এ লক্ষ্যেই বিভিন্ন দল, সংগঠন ও ব্যক্তির কাছে চিঠি পাঠানো হয়েছে।

মো. জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার