‘আমাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে’

  • প্রথম দর্পণ,স্পোর্টস ডেক্স
  • আপলোড সময় : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ বিকাল
  • ২৮২৯ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
বাংলাদেশ অনূর্ধ্ব-২০ জাতীয় ফুটবল দলের প্রধান কোচের পদ থেকে অব্যাহতি পাওয়ার পর মুখ খুলেছেন ইংলিশ কোচ জেরার্ড জোন্স। যুক্তরাষ্ট্রের কানসাস সিটি থেকে দেওয়া এক দীর্ঘ বিবৃতিতে বাংলাদেশে তাঁর কাজের অভিজ্ঞতা, সামাজিক যোগাযোগমাধ্যমে সাইবার আক্রমণ, ব্যক্তিগত তথ্য ফাঁস এবং প্রাণনাশের হুমকি পাওয়ার কথা জানিয়েছেন তিনি।

জোন্স বলেন, ফুটবলের পারফরম্যান্স বা সিদ্ধান্ত নিয়ে সমালোচনা করা স্বাভাবিক। তবে ব্যক্তিগত আক্রমণ, ব্যক্তিগত তথ্য প্রকাশ এবং প্রাণনাশের হুমকি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, ‘আমি অত্যন্ত বাজে কিছু বার্তা পেয়েছি, আমার ব্যক্তিগত তথ্য ফাঁস করা হয়েছে এবং মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছে। ভুলে গেলে চলবে না—আমি একজন স্বামী, একজন বাবা এবং একজন সন্তান।’

এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্বে দলের ব্যর্থতা এবং মাত্র নয় সপ্তাহের প্রস্তুতির প্রসঙ্গও তুলে ধরেন জোন্স। তাঁর ভাষ্য, বাংলাদেশে তিনি শুধু জাতীয় দলের তাৎক্ষণিক ফলাফল নিয়ে কাজ করতে আসেননি। যুব খেলোয়াড় উন্নয়ন, কোচ তৈরি, প্রতিভা শনাক্তকরণ এবং প্রবাসী খেলোয়াড়দের কাজে লাগানোর মতো দীর্ঘমেয়াদি পরিকল্পনাও ছিল তাঁর।

অনুশীলনে তৈরি করা কৌশল প্রতিযোগিতামূলক ম্যাচে খেলোয়াড়েরা ধারাবাহিকভাবে বাস্তবায়ন করতে পারেননি বলেও দাবি করেন তিনি। জোন্সের ভাষায়, অনুশীলনে যে ফুটবল দলটি তৈরি করেছিল, ম্যাচে সেটির সঙ্গে দলের পারফরম্যান্সের বড় পার্থক্য দেখা গেছে।

মাত্র দুটি আন্তর্জাতিক ম্যাচের ফলাফলের ভিত্তিতে তাঁর দীর্ঘ কোচিং ক্যারিয়ার মূল্যায়ন করা উচিত নয় বলেও মন্তব্য করেন জোন্স। প্রায় দুই দশকের কাজের অভিজ্ঞতা ও অর্জন দুটি ম্যাচের ফলাফলে মুছে যেতে পারে না বলে দাবি তাঁর।

বাংলাদেশের ফুটবলের উন্নয়নে খেলোয়াড় বাছাই, অবকাঠামো, ফুটবল সংস্কৃতি এবং উচ্চপর্যায়ের খেলোয়াড় তৈরির প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তনের প্রয়োজন রয়েছে বলে মনে করেন এই কোচ। এশিয়ার শক্তিশালী দলগুলোর সঙ্গে নিয়মিত প্রতিদ্বন্দ্বিতা করতে হলে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও কার্যকর পরিবেশ তৈরির ওপর গুরুত্ব দেন তিনি।

তিক্ত অভিজ্ঞতার পরও বাংলাদেশের ফুটবলের প্রতি শুভকামনা জানিয়েছেন জেরার্ড জোন্স। তাঁর মতে, বাংলাদেশে ফুটবল প্রতিভার অভাব নেই; বরং মানুষের মধ্যে এ খেলাকে ঘিরে রয়েছে ব্যাপক আবেগ। এই প্রতিভাকে কাজে লাগাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও সঠিক পরিবেশ নিশ্চিত করাই এখন সবচেয়ে জরুরি।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad